রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটিতে গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় বাঘাইছড়ি উপজেলার আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিলয় নিশীথ চাকমা (২৪) নিহত ও তাঁর দুই বন্ধু গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন: কুসুম চাকমা (২৫) ও সুপন মারমা (২৫)।নিহত শিক্ষকের চাচা আলোময় চাকমা জানান, নিলয় গতকাল সকালে দুই বন্ধুর সঙ্গে রাঙামাটি শহর থেকে একটি মোটরসাইকেলে বাঘাইছড়ি যাচ্ছিলেন। এ সময় রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের নানিয়ারচরে চান্দের গাড়ির (হুডখোলা জিপ) সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা খায়। গুরুতর আহতাবস্থায় তিনজনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে নিলয় নিশীথকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। নিলয় পাঁচ মাস আগে চাকরিতে যোগ দিয়েছিলেন। তাঁর বাবা কেরল চাকমা রাঙামাটি জেলা আওয়ামী লীগের মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক। হাসপাতালের জরুরি চিকিৎসা কর্মকর্তা আশীষ তঞ্চঙ্গ্যা জানান, আহত কুসুম ও সুপনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। নিলয়ের অকালমৃত্যুতে পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমাসহ আরও অনেকে শোক প্রকাশ করেছেন।