রাঙামাটিতে হরতালে পত্রিকা পুড়িয়েছে পিকেটাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন আইনের সংশোধনী বাতিলের দাবিতে পাঁচটি বাঙালি সংগঠনের ডাকা ৭২ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন গতকাল সোমবার রাঙামাটিতে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এদিন কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে শহরের বনরূপা চৌমুহনীতে প্রথম আলোর ১০ থেকে ১২টি কপি পুড়িয়ে দেয় পিকেটাররা।

গত ২৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন, ২০০১-এর সংশোধনী নীতিগতভাবে অনুমোদন এবং পরে ৩ জুন তা মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন লাভ করে।

হরতালের সমর্থনে রাঙামাটিতে গতকাল পিকেটাররা বিভিন্ন এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো যানবাহন চলেনি। অফিস-আদালত ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো খোলা থাকলেও লোকজনের উপস্থিতি ছিল কম।

পত্রিকা পোড়ানোর ব্যাপারে জানতে চাইলে পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী মো. জাহাঙ্গীর কামাল বলেন, আজকের (গতকাল) প্রথম আলোতে বাঙালি সংগঠনগুলোর ডাকা হরতালকে অযৌক্তিক বলায় অনেকেই ক্ষুব্ধ হয়েছেন। তাই এর প্রতিবাদ হিসেবে পত্রিকা কিনে পোড়ানো হয়েছে।

আজকের হরতাল নিয়ে বিভক্তি: এদিকে পার্বত্য চট্টগ্রামে হরতাল পালনকারী বাঙালি সংগঠনগুলোর মধ্যে আজ মঙ্গলবার হরতাল পালন নিয়ে বিভক্তি দেখা দিয়েছে। পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন হরতাল প্রত্যাহারের ঘোষণা দিলেও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদ গতকাল সোমবার রাত আটটায় শহরের বনরূপা এলাকায় হরতালের সমর্থনে মিছিল করেছে।

সম-অধিকার আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী মো. জাহাঙ্গীর কামাল বলেন, কেন্দ্রীয়ভাবে হরতাল স্থগিত করার ঘোষণা এসেছে। অন্যরা যদি তা না মানে, তাহলে তারা হরতাল করতে পারে।

অপরদিকে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের সভাপতি মো. ইব্রাহিম বলেন, ‘সম-অধিকার আন্দোলন হরতাল প্রত্যাহার করতে পারে, আমরা করিনি। আমরা হরতাল পালন করব।’