রাঙামাটিতে হামলায় এক ছাত্র আহত, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি সদরের মানিকছড়ি এলাকায় গতকাল বৃহস্পতিবার স্থানীয় দুই ব্যক্তির হামলায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) এক শিক্ষার্থী আহত হন। এ ঘটনার প্রতিবাদে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক প্রায় তিন ঘণ্টা অবরোধ করে রাখেন। আহত ছাত্র প্রদীপ চাকমাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।শিক্ষার্থীরা জানান, গতকাল ইনস্টিটিউটের সপ্তম পর্বের ছাত্র প্রদীপ কয়েকজন সহপাঠীসহ এটিআইয়ে যাওয়ার উদ্দেশে মানিকছড়ি এলাকায় যান। সেখানে অটোরিকশায় বসে থাকা স্থানীয় ওসমানকে চালক মনে করে প্রদীপ তাঁকে জিজ্ঞেস করেন এটিআইয়ে যাবে কি না। এতে ওসমান অপমানিত বোধ করে তাঁদের গালাগাল করেন। এ সময় ওসমানকে প্রদীপ বলেন, তিনি অটোরিকশায় বসে থাকার কারণে তাঁর এই ভুল হয়েছে। পরে ওসমান ও হেলালের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি-লাথি মারেন। এতে প্রদীপ চোখ, মাথা ও কানে আঘাত পান।এ ব্যাপারে কথা বলতে ওসমান ও হেলালের বাড়িতে গিয়েও তাঁদের পাওয়া যায়নি।খবর পেয়ে ইনস্টিটিউটের অর্ধশতাধিক ছাত্র মানিকছড়ি এলাকায় এসে রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক প্রায় তিন ঘণ্টা অবরোধ করে রাখেন। পরে ইনস্টিটিউটের অধ্যক্ষ কাজল তালুকদারসহ সেনাবাহিনী ও পুলিশের কয়েকজন কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের গ্রেপ্তার করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন।অধ্যক্ষ কাজল তালুকদার ছাত্রদের উদ্ধৃতি দিয়ে অভিযোগ করেন, গতকাল সপ্তম পর্বের ছাত্রদের ব্যবহারিক পরীক্ষা থাকায় ছাত্ররা অটোরিকশা ভাড়া করতে চেয়েছিল। প্রদীপকে মারধর করার সময় অন্য ছাত্ররা পাশের ফাঁড়ির পুলিশের সহায়তা চাইলেও পুলিশ এগিয়ে আসেনি।পুলিশ সুপার মাসুদ-উল হাসান জানান, ঘটনাস্থল থেকে ফাঁড়ি বেশ দূরে। ফলে পুলিশ ঘটনা জানতে পারেনি। মামলা করা হলে আসামিদের গ্রেপ্তার করা হবে।