রাঙামাটিতে জাতিগত সহিংসতা ও সাম্প্রদায়িক হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং আদিবাসী ছাত্রনেতা বাবলু হেমব্রম হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়েছেন বিশিষ্ট নাগরিকেরা। গতকাল শুক্রবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে নাগরিক সমাজ আয়োজিত প্রতিবাদ ও সংহতি সমাবেশে এ দাবি জানানো হয়।
সমাবেশে নাগরিক সমাজের পক্ষ থেকে এ দুটিসহ ছয় দফা দাবি তুলে ধরা হয়। অন্য চারটি দাবি হলো: রাঙামাটিতে সাম্প্রদায়িক হামলার ঘটনা অনুসন্ধানে উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন ও ঘটনার পুনরাবৃত্তি বন্ধে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ, হামলায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান, চাপিয়ে দেওয়া কথিত উন্নয়ন থেকে সরকারের বিরত থাকা ও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন।
সংহতি সমাবেশের সভাপতি গবেষক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, পার্বত্য চট্টগ্রামে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যে উদ্যোগ সরকার নিয়েছে, তা আপাতদৃষ্টিতে সবার কাছে ভালোই মনে হবে। কিন্তু পার্বত্য চট্টগ্রামে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও জাতিগত সাম্প্রদায়িক সংকটপূর্ণ অবস্থা জিইয়ে রেখে এ ধরনের প্রতিষ্ঠান করা মোটেই যৌক্তিক নয়। সরকারের উচিত পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সঙ্গে সংলাপ করা।
ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, পাহাড়ে মেডিকেল কলেজ স্থাপন উন্নয়ন নয়, এটি সরকারের চক্রান্ত। শাসকগোষ্ঠী এর আগে বাঙালিদের পার্বত্য চট্টগ্রামে পুনর্বাসন করেছে। এবার কলেজ স্থাপনের নামে শিক্ষিত বাঙালিদের নিবাস গড়ার ষড়যন্ত্র শুরু হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ কামাল বলেন, পার্বত্য চট্টগ্রাম হলো বাংলাদেশের গাজা ভূখণ্ড। সেখানে প্রতিনিয়ত মানবতা লঙ্ঘিত হচ্ছে।
সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৌরভ সিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌস, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের নেতা রাজেকুজ্জামান, সংগীতশিল্পী মাহামুদুজ্জামান বাবু, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, আইইডির নির্বাহী পরিচালক নুমান আহমেদ খান, আইনজীবী নিলুফার বানু, দীপায়ন খীসা প্রমুখ।
সমাবেশ শেষে একটি মিছিল শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিয়ে শেষ হয়।