রাঙামাটিতে হিল উইমেন্স ফেডারেশনের নেত্রীসহ চারজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি জেলার সভাপতি যুথিকা চাকমাসহ চারজনকে আটক করা হয়েছে। গত রোববার রাত ১০টার দিকে রাঙামাটির নানিয়ারচর উপজেলা সদরের টিঅ্যান্ডটি এলাকা থেকে তাঁদের আটক করা হয়। তাঁদের কাছে দুটি দেশীয় অস্ত্র পাওয়া গেছে বলে প্রশাসন জানিয়েছে।আটক অন্য দুজন হলেন ফেডারেশনের সদস্য রত্না চাকমা (১৬), পাহাড়ি ছাত্র পরিষদের নানিয়ারচর কলেজ শাখার সাবেক সভাপতি দ্বিনয়ন চাকমা (১৮)। আরেকজনের নাম জানা যায়নি।নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি রাঙামাটি অবস্থান করায় বিস্তারিত বলতে পারেননি।স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১০ সালের ২৩ সেপ্টেম্বর সংবিধানে পার্বত্য চট্টগ্রামকে পৃথক স্বায়ত্তশাসিত অঞ্চল ঘোষণা এবং সব ক্ষুদ্র জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতির দাবিতে মিছিল ও সমাবেশের প্রস্তুতিকালে তিনজনকে আটক করা হয়। গত শনিবার তাঁদের মুক্তির দাবিতে হিল উইমেন্স ফেডারেশন নারীদের নিয়ে নানিয়ারচর সদরে মিছিল করার গুজব ছড়িয়ে পড়ে। এরপর থেকে সেখানে সেনাবাহিনী ও পুলিশের টহল বাড়ানো হয়।জানা গেছে, রোববার রাত আটটার দিকে টিঅ্যান্ডটি এলাকার দিকে তিনটি নৌকায় করে একদল আদিবাসী এসেছে বলে গুজব ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টহলদল টিঅ্যান্ডটি এলাকায় গিয়ে বাড়িতে তল্লাশি চালায়। এ সময় ওই চারজনকে দুটি দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।তবে সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের রাঙামাটি জেলা সংগঠক মাইকেল চাকমা অভিযোগ করেন, ওই চারজনকে বাড়ি থেকে আটকের পর তাঁদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে। এ ছাড়া সেখানে কোনো প্রকার সভা-সমাবেশ করারও কোনো প্রস্তুতি ছিল না বলে তিনি জানান।