রাঙামাটিতে হিল উইমেন্স ফেডারেশনের ১০ জনকে অপহরণ
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত হিল উইমেন্স ফেডারেশনের ১০ নেতা-কর্মীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জনসংহতি সমিতিকে দায়ী করেছে ইউপিডিএফ। তবে জনসংহতি সমিতির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।অপহূত ব্যক্তিদের মধ্যে সাতজনের নাম জানা গেছে। তাঁরা হলেন হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি জেলা শাখার সভাপতি যুথিকা চাকমা, নিপা চাকমা, শিপা চাকমা, লেসি চাকমা, একি চাকমা, লেলি চাকমা ও বিনোতা চাকমা।পুলিশ সুপার মাসুদ উল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অপহূত ব্যক্তিদের উদ্ধারে পুলিশ ঘটনাস্থলের আশপাশের এলাকায় তল্লাশি শুরু করেছে বলে তিনি জানান।ইউপিডিএফের তথ্য ও প্রকাশনা বিভাগের সোনামণি চাকমা জানান, গতকাল সোমবার সন্ধ্যায় রাঙামাটি শহরের বনরূপা সমতাঘাট এলাকা থেকে ১০ জনকে অপহরণ করা হয়। যোগাযোগ করা হলে জনসংহতি সমিতির সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা জানান, অপহরণের ঘটনাটি তাঁদের জানা নেই। নারীদের ওপর এ ধরনের আচরণ ঠিক নয় উল্লেখ করে তিনি বলেন, যদি ভুল বোঝাবুঝির কারণে অপহরণের ঘটনা ঘটে থাকে, তাহলে তাঁদের ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।