রাঙামাটিতে ১০ গুণীজনকে সম্মাননা
রাঙামাটিতে সাংস্কৃতিক অঙ্গনের ১০ গুণীজনকে সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাঙামাটি শিল্পকলা একাডেমির উদ্যোগে তাঁদের এই সম্মাননা দেওয়া হয়।
বেলা ১১টায় রাঙামাটি শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংসদ ফিরোজা বেগম, রাঙামাটি জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, জেলা পরিষদের সদস্য মনোয়ারা আক্তার জাহান, রাঙামাটি পৌরসভার মেয়র মো. আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো. মুজিবুল হক।
অনুষ্ঠানে সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য রতিকান্ত তঞ্চঙ্গ্যা, নন্দ রানী চাকমা, ফনীন্দ্র লাল ত্রিপুরা, মো. হুমায়ুন কবীর, ধারশ মনি চাকমা, আনন্দলতা চাকমা, অঞ্জুলিকা খীসা, অমর শান্তি চাকমা, ঝুলন দত্ত ও ঝিমিত চাকমাকে সম্মাননা দেওয়া হয়। তাঁদের প্রত্যেককে সম্মাননা ক্রেস্ট, সনদ ও শিল্পকলা একাডেমির পক্ষ থেকে ১০ হাজার এবং প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে দেওয়া হয়।