রাঙামাটিতে ১৮ রাইফেল ব্যাটালিয়নের ২৩ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন
বিডিআর বিদ্রোহ মামলায় রাঙামাটির বরকল উপজেলার ছোট হরিণায় ১৮ রাইফেল ব্যাটালিয়নের ২৩ জন সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। গতকাল রোববার বিডিআর রাঙামাটি সদর সেক্টরে স্থাপিত বিশেষ আদালত-১৫-তে অভিযোগ গঠন করা হয়।আদালতে সভাপতিত্ব করেন বিডিআর চট্টগ্রাম সেক্টরের অধিনায়ক কর্নেল মো. জাহেদুর রহমান।সকাল ১০টায় আদালতের শুরুতে মামলার প্রসিকিউটর ১৮ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পড়ে শোনান। এরপর তিনি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আদালতে আবেদন জানান।আদালতের সভাপতি কর্নেল জাহেদুর রহমান আবার আসামিদের প্রত্যেকের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান এবং পৃথকভাবে আসামিরা নিজেদের দোষী না নির্দোষ, তা জিজ্ঞেস করেন। এ সময় সব আসামি নিজেদের নির্দোষ দাবি করেন। পরে আদালতের সভাপতি আসামিদের অভিযোগ গঠনের ঘোষণা দেন। একই সঙ্গে সরকারি কৌঁসুলিকে আজ সোমবার সাক্ষীদের আদালতে হাজির করে সাক্ষ্য গ্রহণের নির্দেশ দেন। আজ সকাল নয়টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়েছে।