রাঙামাটিতে ৬০ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির বরকলের ভূষণছড়া ইউনিয়নের ছোট হরিণা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ডাকা অবরোধ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। ছবিটি রাঙামাটি শহরের উপজেলা পরিষদ কার্যালয় এলাকা থেকে গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
রাঙামাটির বরকলের ভূষণছড়া ইউনিয়নের ছোট হরিণা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ডাকা অবরোধ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। ছবিটি রাঙামাটি শহরের উপজেলা পরিষদ কার্যালয় এলাকা থেকে গতকাল দুপুরে তোলা l প্রথম আলো

ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের একটি কেন্দ্রের ফলাফল বাতিল করে পুনর্নির্বাচনের দাবিতে জনসংহতি সমিতি আবারও ৬০ ঘণ্টার অবরোধ কর্মসূচি দিয়েছে। একই দাবিতে ডাকা ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি গতকাল মঙ্গলবার শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।
গত ৪ জুন রাঙামাটির ৪৯ ইউনিয়নের মধ্যে ৪৮টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। জনসংহতি সমিতির অভিযোগ, আওয়ামী লীগের সমর্থকেরা বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ছোট হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে কারচুপি করেছে।
গতকাল সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক নিলোৎপল খীসার স্বাক্ষরে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ১৮ জুনের মধ্যে ভূষণছড়া ইউনিয়নের ছোট হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রের ফলাফল বাতিল করে পুনর্নির্বাচনের ঘোষণা দেওয়া না হলে ১৯ জুন সকাল ছয়টা থেকে ২১ জুন সন্ধ্যা ছয়টা পর্যন্ত রাঙামাটি জেলায় অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।
এদিকে গতকাল অবরোধ চলাকালে সড়ক ও নৌপথে অভ্যন্তরীণ ও দূরপাল্লার যান চলেনি। বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের হেঁটে কর্মস্থলে যেতে দেখা যায়। তবে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান খোলা ছিল। অবরোধের কারণে ট্রাক ও নৌযান আসতে না পারায় বাজারে শাকসবজির সংকট দেখা গেছে।
রাঙামাটির বনরূপা বাজারের খুচরা ব্যবসায়ী শান্তিমণি চাকমা ও মো. ফোরকান জানান, রাঙামাটি শহরের কাঁচাবাজার বিভিন্ন গ্রামাঞ্চল থেকে আসা শাকসবজির ওপর নির্ভরশীল। কিন্তু অবরোধ থাকায় ট্রাক ও ট্রলার আসতে পারেনি।
ব্যবসায়ীরা বলেন, অবরোধের কারণে শহরের ট্রাক টার্মিনাল, বনরূপার সমতাঘাট ও কলেজগেট ঘাটে অনেক মৌসুমি ফল জমে গেছে।
রাঙামাটি পুলিশ সুপার মো. সাঈদ তারিকুল হাসান বলেন, অবরোধ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।