রাঙামাটি জেনারেল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা (এমও) তুষার কান্তি নাথকে অপহরণ করে শারীরিক নির্যাতনের প্রতিবাদে চিকিৎসকেরা গতকাল শুক্রবার দুপুর ১২টা থেকে রাঙামাটি শহরে ৭২ ঘণ্টার ধর্মঘট শুরু করেছেন। গত বৃহস্পতিবার রাতে তুষার কান্তি নাথকে রাত নয়টার দিকে শহরের রানী দয়াময়ী উচ্চবিদ্যালয়ের সামনে চট্টগ্রাম-রাঙামাটি সড়ক থেকে অপহরণ করে প্রায় চার ঘণ্টা নির্যাতন চালানো হয়। গতকাল তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তুষারের ছোট ভাই বিষু কান্তি নাথ বাদী হয়ে রাঙামাটি কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন। গতকাল বেলা একটায় রাঙামাটি জেনারেল হাসপাতালে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক ও ডেপুটি সিভিল সার্জন হ্লে কান্তি চাকমা কর্মসূচি ঘোষণা করে তুষার কান্তি নাথের অপহরণ ও নির্যাতনকারীদের গ্রেপ্তার ও চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। হ্লে কান্তি চাকমা বলেন, কর্মসূচি চলাকালে শুধু হাসপাতালের জরুরি চিকিৎসাসেবা এবং আন্তবিভাগ খোলা থাকবে। সরকারি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ব্যক্তিগত চেম্বারে চিকিৎসকেরা কোনো রোগী দেখবেন না। এ সময় বিএমএর রাঙামাটি জেলা সভাপতি উদয় শংকর দেওয়ানসহ কয়েকজন চিকিৎসক উপস্থিত ছিলেন। তুষার কান্তি নাথ জানান, একজন ওষুধ বিক্রয় প্রতিনিধির সঙ্গে মোটরসাইকেলযোগে বনরূপা থেকে হাসপাতালে যাওয়ার পথে একটি গাড়ি ধাক্কা দিয়ে তাঁদের রাস্তায় ফেলে দেয়। এরপর কয়েক ব্যক্তি তাঁর মুখে কালো কাপড় বেঁধে দিয়ে অপহরণ করে। পরে একটি জায়গায় নিয়ে নির্যাতন করা হয়। এ সময় তাঁকে হাসপাতালে চিকিৎসাসেবা উন্নত করার কথা বলা হয়। পরে রাত পৌনে একটার দিকে গাড়িতে তুলে রাঙামাটি বেতারকেন্দ্রের পাশে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে মুমূর্ষু অবস্থায় ফেলে দেওয়া হয়। নির্যাতনকারীরা নিজেদের মধ্যে বাংলা ভাষায় কথা বলছিল বলে তুষার কান্তি নাথ জানান।