রাঙামাটির অপহূত ১৩ আদিবাসী মুক্ত
রাঙামাটির বরকল উপজেলার সুবলং এলাকা থেকে অপহূত ১৩ আদিবাসীকে পাঁচ দিন পর মুক্তি দেওয়া হয়েছে। গত শুক্রবার রাত ১০টার দিকে তাঁদের মুক্তি দেওয়া হয়। গতকাল শনিবার সকালে তাঁরা নিজেদের বাড়িতে পৌঁছান। নাম প্রকাশ না করার শর্তে মুক্তি পাওয়া দুজন প্রথম আলোকে মুঠোফোনে বলেন, শুক্রবার সকালে সুবলং বাজারে হাট বসার খবর পাওয়ার পর তাঁদের মুক্তির বিষয়টি নিশ্চিত হয়। পরে রাতে তাঁদের লংগদু উপজেলার কাট্টলি এলাকায় আনা হয়। এরপর সেখানে একটি গ্রামে তাঁদের থাকার ব্যবস্থা করা হয়। সেখান থেকে তাঁরা সুবলং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমার সঙ্গে মুঠোফোনে মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন এবং অপেক্ষায় থাকা পরিবারের লোকজনকে বাড়িতে ফিরে যেতে বলে দেন। এরপর কয়েকজন জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রবর্তক চাকমার সঙ্গেও কথা বলেন। এ দুই চেয়ারম্যান প্রথম আলোর কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। পার্বত্য চট্টগ্রামের বিবদমান দুই রাজনৈতিক দল জনসংহতি সমিতি ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দ্বন্দ্বের কারণে সুবলং বাজারে হাট বন্ধ হয়ে যায়। এর জেরে গত রোববার বিভিন্ন মৌসুমি ফল নিয়ে সুবলং বাজার অতিক্রম করে রাঙামাটির দিকে আসার পথে ১৩ আদিবাসীকে অপহরণ করা হয়। সুবলং বাজার খুলে দেওয়া হলে তাঁদের মুক্তির শর্ত দেয় অপহরণকারীরা। এ ঘটনায় ইউপিডিএফের জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে ইউপিডিএফ তা অস্বীকার করে। বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, মুক্তি পাওয়া দুই আদিবাসীর সঙ্গে তিনি কথা বলেছেন। তাঁদের শারীরিক নির্যাতন করা হয়। অপহরণকারীদের মূল উদ্দেশ্য ছিল সুবলং বাজার খুলে দেওয়া।