রাঙামাটির এডিএমকে প্রত্যাহারের দাবি আইনজীবী সমিতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রদায়িক মন্তব্য ও অশোভন আচরণের অভিযোগে রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. নুরুল আলম চৌধুরীকে প্রত্যাহারের দাবি জানিয়েছে জেলা আইনজীবী সমিতি। আগামী ৩০ দিনের মধ্যে তাঁকে প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচি দেবে সমিতি।জেলা আইনজীবী সমিতির সভাপতি দ্বীননাথ তঞ্চঙ্গ্যা গতকাল সোমবার জানান, গত রোববার সমিতির কার্যালয়ে সমিতির কার্যকরী কমিটির সভা হয়। ওই দিন সভার আগে সরকারি কৌঁসুলি প্রতিম রায় সমিতির কাছে এডিএমের বিরুদ্ধে সাম্প্রদায়িক মন্তব্য ও অশোভন আচরণের লিখিত অভিযোগ করেন। অভিযোগে প্রতিম রায় জানান, গত ২ জুন অতিরিক্ত জেলা প্রশাসকের (এডিসি-সার্বিক) কক্ষে নিষ্পত্তি করা মামলাগুলোর বিলসংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। এ সময় জেলা জজ ও যুগ্ম জেলা জজকে উদ্দেশ করে নুরুল ইসলাম চৌধুরী বলেন, তাঁরা না জেনে অসৎ উদ্দেশ্যে সরকারি কৌঁসুলির পক্ষে সুপারিশ করলেই বিল দেওয়ার কোনো যৌক্তিকতা থাকতে পারে না। ‘উপজাতীয় ব্যক্তিকে সরকারি কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া উচিত নয়’ বলেও মন্তব্য করেন তিনি।দ্বীননাথ তঞ্চঙ্গ্যা আরও জানান, সমিতির সভায় এডিএমের এ ধরনের মন্তব্যের তীব্র নিন্দা জানানো হয়। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে এডিএমকে প্রত্যাহার করা না হলে তাঁর আদালত বর্জনসহ বৃহত্তর কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয়।তবে এডিএম নুরুল আলম তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।