রাঙামাটির ঘটনা পরিকল্পিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটিতে পরিকল্পিতভাবে সহিংস ঘটনা ঘটানো হয়েছে। এ সহিংসতা দেশের অন্যান্য জায়গাতেও ছড়িয়ে যেতে পারে। তাই এ ব্যাপারে সংশ্লিষ্ট এলাকার সাংসদদের সতর্ক থাকতে হবে। ‘আদিবাসী ইস্যুতে সংসদ সদস্যদের অধিকতর সম্পৃক্তকরণ’ শীর্ষক মতবিনিময় সভায় গতকাল সোমবার বক্তারা এসব কথা বলেন। সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বারস ক্লাবে এ মতবিনিময় সভার আয়োজন করে আদিবাসীবিষয়ক সংসদীয় ককাস। সংসদীয় ককাসের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বিষয়টির তদন্ত করবে। এ ব্যাপারে তারা সরকারের কাছেও ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করে। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংসদীয় ককাসের টেকনিক্যাল কমিটির সদস্য সঞ্জীব দ্রং। তিনি বলেন, আদিবাসীদের মনে এমন ধারণার জন্ম দেওয়া যাবে না, যাতে তারা মনে করে যে তারা অন্যের দ্বারা শাসিত হচ্ছে। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, সংবিধান ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে স্বীকৃতি দিয়েছে। আইনের দৃষ্টিতে তারা সমান অধিকারের দাবিদার। সংসদীয় ককাসের আহ্বায়ক রাশেদ খান মেনন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাঙামাটিতে সহিংস ঘটনা ঘটেনি। একে ছাত্রদের ঝগড়া বলে চালিয়ে দেওয়া যাবে না। পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। ফজলে হোসেন বাদশা বলেন, রাঙামাটির ঘটনা সরকারের রাজনৈতিক ব্যর্থতা। এ সমস্যা দেশে নতুন করে আরও সমস্যা তৈরি করবে। তথ্য কমিশনার সাদেকা হালিম বলেন, রাঙামাটিতে সন্ত্রাসীরা কালো কাপড়ে মুখ বেঁধে আইনশৃঙ্খলা বাহিনীর সামনে সন্ত্রাস করেছে। এটাকে তুচ্ছ ঘটনা বলা যাবে না। সাংসদ হাবিবুন নাহার বলেন, আদিবাসীদের উন্নয়নে আইন হচ্ছে, হবে। কিন্তু এসব আইন বাস্তবায়নে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করতে হবে। আদিবাসীবিষয়ক সংসদীয় ককাসের সমন্বয়ক মেসবাহ কামাল বলেন, রাষ্ট্র নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির বিষয়টিকে বিবেচনা করে। মানবাধিকারের বিষয়টি বিবেচনায় নিচ্ছে না। যে কারণে সমস্যার সমাধান হচ্ছে না। আলোচনা সভায় আরও বক্তব্য দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, সাংসদ নওয়াব আবু আব্বাছ খান, এশিয়া ফাউন্ডেশনের পরিচালক তাসনীম শীলা হক প্রমুখ।