রাঙামাটির ঘটনায় উসকানিদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটিতে আদিবাসীদের ওপর হামলার ঘটনায় উসকানিদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন নাগরিক সমাজের নেতারা। প্রশাসনের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে এই ঘটনা ঘটেছে অভিযোগ করে তাঁরা বলেন, পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাস্তবায়ন করতে হবে। গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে নাগরিক সমাজ আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন। রাঙামাটিতে আদিবাসীদের ওপর সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে এ সমাবেশ ডাকা হয়। সমাবেশ থেকে হামলায় উসকানিদাতা ও হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তিসহ ছয় দফা দাবি জানানো হয়। সমাবেশে গণঐক্য কমিটির আহ্বায়ক পংকজ ভট্টাচার্য বলেন, প্রশাসনের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে রাঙামাটির ওই ঘটনা ঘটেছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনসহ নিরাপত্তা বাহিনীর ভূমিকাই নিশ্চিত করেছে এ ঘটনা পূর্বপরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত।বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো বলেন, ‘রাঙামাটির মতো এমন ঘটনা পার্বত্য অঞ্চলে বহুবার ঘটেছে। এই সরকারের কাছে প্রত্যাশা ছিল—তারা পাহাড়ে শান্তি ফেরাতে পারবে, কিন্তু পারেনি। অবিলম্বে পার্বত্য চুক্তির বাস্তবায়নের মাধ্যমে বাঙালি-আদিবাসী সম্প্রীতি ফিরিয়ে আনুন।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেজবাহ কামাল বলেন, ‘নির্বাচন যত এগিয়ে আসছে, উসকানিমূলক ঘটনা ততই বাড়ছে। নীতিনির্ধারকেরা সতর্ক হোন। পাহাড়ে শান্তি বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিন।’জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা বলেন, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী দীর্ঘদিন ধরে রাঙামাটি শহরে তথা পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর পাঁয়তারা করে আসছিল। রাঙামাটির এই ঘটনা সেই পরিকল্পনা ও ষড়যন্ত্রেরই অংশমাত্র। পার্বত্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে পাহাড়ে শান্তি ফেরাতে না পারলে পাহাড়ে আগুন জ্বলবে। সে ঘটনার জন্য আদিবাসীরা দায়ী থাকবে না। জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক,সমকাল পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খান, সাম্যবাদী দলের পলিটব্যুরো সদস্য মোহাম্মদ সাহাবুদ্দিন, কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক অসিত বরণ রায়, বেসরকারি সংগঠন আইইডির নির্বাহী পরিচালক নোমান আহমেদ খান প্রমুখ।