রাঙামাটির জেলে পল্লিতে পাচনের শুঁটকি তৈরির ধুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির লংগদুর কাট্টলী বিলের একটি দ্বীপে শুঁটকির মহালে উৎপাদিত শুঁটকি বাছাই করে বিক্রির জন্য ঝুড়িতে রাখছেন শ্রমিকেরা l প্রথম আলো
রাঙামাটির লংগদুর কাট্টলী বিলের একটি দ্বীপে শুঁটকির মহালে উৎপাদিত শুঁটকি বাছাই করে বিক্রির জন্য ঝুড়িতে রাখছেন শ্রমিকেরা l প্রথম আলো

নানা পদের সবজি দিয়ে রান্না করা খাবার পাচন ছাড়া পার্বত্য চট্টগ্রামে বৈসাবি উৎসবের কথা ভাবাই যায় না। বাঙালিরা একে পাচন নামে ডাকলেও চাকমাদের কাছে এটি পাজন নামে পরিচিত। সমতলের নিরামিষের সঙ্গে মিল থাকলেও পাহাড়ি পাচনে যোগ হয় শুঁটকি। এতে ঘটে যায় স্বাদের তারতম্য। বৈসাবি উৎসব উপলক্ষে রাঙামাটির জেলেপল্লিতে পাচনের অন্যতম প্রধান উপাদান শুঁটকি তৈরির ধুম লেগেছে।
কাপ্তাই হ্রদের জেলেরা জানান, বৈসাবি উৎসব এলে বাড়ে শুঁটকির চাহিদা। এই চাহিদা মেটাতে জেলেরা এই মৌসুমে প্রচুর শুঁটকি তৈরি করেন। এ জন্য রাঙামাটির লংগদু উপজেলার কাট্টলী বিলের দ্বীপে এ ধরনের শুঁটকির মহাল আছে। সেখানে এখন দুই শতাধিক শ্রমিক কাজ করছেন। রাঙামাটিসহ তিন পার্বত্য জেলায় এই শুঁটকি সরবরাহ হচ্ছে।
কাট্টলী বিলের শুঁটকি মহালের শ্রমিক মো. আবদুল কাদের বলেন, ‘পাহাড়িদের বিজু উৎসবকে কেন্দ্র করে এ সময় ব্যাপক শুঁটকি বিক্রি হয়। মার্চ মাসের মাঝামাঝি থেকে আমাদের দম ফেলার সুযোগ থাকে না। আমরা দুই শতাধিক শ্রমিক কাজ করি। এই সময় কেউ ছুটি পান না।’
জেলেরা জানান, কাপ্তাই হ্রদের মাছ থেকে সরকার প্রতি বছর ১২ থেকে ১৩ কোটি টাকা রাজস্ব পায়। এর মধ্যে শুধু শুঁটকি বিক্রি থেকে রাজস্ব আসে ১ কোটি টাকার মতো। বছরজুড়ে শুঁটকির চাহিদা থাকলেও বৈসাবির আগে এই চাহিদা কয়েক গুণ বেড়ে যায়।
চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের লোকজনের সঙ্গে আলাপ করে জানা গেছে, পিঠা, ফল ও অন্যান্য খাবারের পাশাপাশি বৈসাবি উৎসবে অতিথি আপ্যায়ন করা হয় ঐতিহ্যবাহী পাচন দিয়ে। পাচনে নানা সবজির পাশাপাশি কচি বেতের ডগা, বন্য আলু, বাঁশসহ নানা ধরনের পদ যোগ করা হয়। এসবের সঙ্গে শুঁটকি যুক্ত হয়ে স্বাদ আরও বাড়িয়ে তোলে।
রাঙামাটি শহরের বনরূপা এলাকার সত্যপুদি চাকমা (৬০) ও অনি বালা তালুকদার (৫৫) বলেন, সময় পাল্টালেও বৈসাবি উৎসবে পাচনের কদর কমেনি। আগে পাহাড়ি ছড়ার চিংড়ি ও মাছ দিয়ে পাজন রান্না হতো। এখন বিভিন্ন মাছের শুঁটকি বেশি ব্যবহার করা হয়। পাজনে শুঁটকি দিলে স্বাদ অনেক বেড়ে যায়।
রাঙামাটির বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপক মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, কাপ্তাই লেকের মাছের উৎপাদন আগের চেয়ে বেড়েছে। প্রতিবছর ১২ থেকে ১৩ কোটি টাকা রাজস্ব আদায় হচ্ছে। এর মধ্যে শুধু শুঁটকি থেকে ১ কোটি টাকারও বেশি রাজস্ব পাওয়া যায়। পাহাড়িদের সামাজিক উৎসব বৈসাবির উপলক্ষে বেশি শুঁটকি বিক্রি হয়।