রাঙামাটির দুটি সড়কে আবার পাহাড়ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারী বর্ষণের কারণে আবার পাহাড়ধসের আশঙ্কা দেখা দিয়েছে। লোকজনকে সতর্ক করতে গতকাল বিকেলে রাঙামাটি শহরে মাইকিং করে জেলা প্রশাসন। পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসতি থেকে লোকজন যাতে আশ্রয়কেন্দ্রে যায় মাইকিংয়ের মাধ্যমে সেই প্রচারণা চালানো হয়। ছবিটি সন্ধ্যায় শহরের ভেদভেদী বাজার থেকে তোলা l প্রথম আলো
ভারী বর্ষণের কারণে আবার পাহাড়ধসের আশঙ্কা দেখা দিয়েছে। লোকজনকে সতর্ক করতে গতকাল বিকেলে রাঙামাটি শহরে মাইকিং করে জেলা প্রশাসন। পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসতি থেকে লোকজন যাতে আশ্রয়কেন্দ্রে যায় মাইকিংয়ের মাধ্যমে সেই প্রচারণা চালানো হয়। ছবিটি সন্ধ্যায় শহরের ভেদভেদী বাজার থেকে তোলা l প্রথম আলো

প্রবল বৃষ্টিতে গতকাল শুক্রবার দুপুরে পাহাড়ধসে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পাহাড়ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ বসতিতে থাকা লোকজনকে আশ্রয়কেন্দ্রে বা নিরাপদ স্থানে সরে যেতে বলেছে রাঙামাটি জেলা প্রশাসন। লোকজনকে সতর্ক করে শহরে বিকেলে মাইকিং করেছে প্রশাসন। 

গতকাল বেলা একটার দিকে রাঙামাটি শহর থেকে ১৭ কিলোমিটার দূরে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের কলাবাগান এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটে। এ সময় সড়কের দুই দিকে শত শত যাত্রী ও যানবাহন আটকা পড়ে। ধসের পর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মীরা বুলডোজার দিয়ে মাটি সরানোর কাজ শুরু করেন। সন্ধ্যার দিকে সড়কের ওই অংশ দিয়ে সীমিত আকারে অটোরিকশা চলাচল শুরু হয়।

রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. এমদাদ হোসেন প্রথম আলোকে বলেন, রাঙামাটি-চট্টগ্রাম সড়কে দুটি স্থানে গতকাল পাহাড়ধস হয়। রাঙামাটি শহর থেকে ১৫ কিলোমিটার দূরে মহিষমারা এলাকায় পাহাড়ধসে সড়কের ওপর মাটির স্তূপ জমে। তবে বড় ধস হয় কলাবাগান এলাকায়। এ ছাড়া ধসের আশঙ্কায় সড়কের মানিকছড়ি এলাকায় বাঁশ ফেলে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এদিকে গতকাল বেলা সাড়ে তিনটার দিকে রাঙামাটির বাঘাইছড়ির মারিশ্যা-দীঘিনালা (খাগড়াছড়ি) সড়কের দুটি স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে এই সড়কেও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বাঘাইছড়ি উপজেলা সদর থেকে ৬ কিলোমিটার দূরে পানছড়ি এবং ১৩ কিলোমিটার দূরে আমতলা এলাকায় পাহাড়ধস হয়। যান চলাচল বন্ধ হওয়া শত শত যাত্রী চরম দুর্ভোগে পড়ে। রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সড়ক থেকে মাটি সরানো হয়নি।

মারিশ্যা-দীঘিনালা সড়কে আটকা পড়া যাত্রী মো. রফিক ও মো. শাহজাহান বলেন, তাঁরা চট্টগ্রাম থেকে বাঘাইছড়ি ফিরছিলেন। পাহাড়ধসের কারণে তাঁদের গাড়িটি আমতলায় আটকা পড়ে। এরপর গাড়ি থেকে নেমে মালামাল নিয়ে তিন কিলোমিটার হাঁটতে হয়। পরে অটোরিকশায় করে বাঘাইছড়ি যান।

খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোসলেম উদ্দিন প্রথম আলোকে বলেন, শনিবার সকাল থেকে সড়কে জমে থাকা পাথর ও মাটি সরানোর কাজ শুরু করা হবে।