রাঙামাটির দুর্গম গ্রামে ত্রাণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলতে গেলে সুখের সংসারই ছিল জাকির হোসেনের। স্ত্রী-দুই সন্তান, মা-বাবা, ভাইবোনকে নিয়ে যৌথ পরিবার। রাঙামাটির কাউখালী উপজেলার দুর্গম কাশখালী গ্রামে তাঁদের বাড়ি। ১৩ জুন সকালের পাহাড়ধস এলোমেলো করে দিয়েছে তাঁর জীবন। মা ও দুই ভাই প্রাণ হারিয়েছেন। ঘর ভেঙে মাটি চাপা পড়ে বাবা আবদুর রশীদ গুরুতর আহত হন। জাকিরের স্ত্রী ছেলেমেয়েকে নিয়ে সেদিন বাবার বাড়িতে ছিলেন। তাঁর বোনকেও সঙ্গে নিয়ে যান স্ত্রী। ঘরে ছিলেন না জাকিরও। যে কারণে প্রাণে বেঁচে যান তাঁরা।

গতকাল শুক্রবার কাউখালীর কাশখালীতে গিয়ে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য জাকিরের হাতে প্রথম আলো ট্রাস্টের দেওয়া ত্রাণ তুলে দেন বন্ধুসভার সদস্যরা। জাকিরসহ মোট ১২৮ পরিবার গতকাল ত্রাণ পেয়েছে। এ নিয়ে গত নয় দিনে রাঙামাটি ও চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মোট ১ হাজার ৪৮৫ পরিবারকে প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে ত্রাণ দেওয়া হয়েছে। চট্টগ্রাম বন্ধুসভার পরিচালনায় এই ত্রাণ বিতরণ কার্যক্রমে সহযোগিতা করছেন রাঙামাটি বন্ধুসভার সদস্যরা।

গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাঙামাটির কাউখালী উপজেলার ঘিলাইছড়িতে ২৩ পরিবারকে, কাশখালীতে ২১, কলমপতির সুগার মিল আদর্শ গ্রামে ১১ ও বেতবুনিয়া এলাকার ১২ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণের মধ্যে ছিল ৩ কেজি করে চাল, আধা কেজি ডাল, ২৫০ গ্রাম গুঁড়া দুধ, আধা লিটার সয়াবিন তেল, থালাবাসন, চামচ, হাঁড়ি-পাতিল, একটি শাড়ি, একটি থামি (পোশাক) ও এক প্যাকেট বিস্কুট।

এ ছাড়া রাঙামাটি সদর এলাকার প্রিয়মোহন দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রের ১১, মোন আদামের ৬, ওমদামিয়া পাহাড়ের ১০ এবং সড়ক ও জনপথ বিভাগের কারখানা আশ্রয়কেন্দ্রের ৩৪ পরিবারের হাতে তুলে দেওয়া হয় ত্রাণসামগ্রী।

ত্রাণ বিতরণের সময় চট্টগ্রাম বন্ধুসভার সভাপতি ফাহিম উদ্দিন, সদস্য জয়নাল আবেদীন, আবদুর রাহিম, শাওন রায়, রাঙামাটি বন্ধুসভার
ইন্দু ভূষণ চাকমা, যুক্তা চাকমা, সুবিমল চাকমা, শুভ চাকমা, জিম্যাকস চাকমাসহ ২৫ জন বন্ধু উপস্থিত ছিলেন।