রাঙামাটির নৈসর্গিক সৌন্দর্য তুলে ধরবেন শিল্পীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘প্রকৃতির ক্যানভাসে জীবনের রঙ’ শিরোনামে ল্যাবএইড ফাউন্ডেশনের উদ্যোগে সপ্তাহব্যাপী আর্ট ক্যাম্পে অংশগ্রহণকারী শিল্পীরা। পর্যটন হলরুম, রাঙামাটি। ছবি: সুপ্রিয় চাকমা
‘প্রকৃতির ক্যানভাসে জীবনের রঙ’ শিরোনামে ল্যাবএইড ফাউন্ডেশনের উদ্যোগে সপ্তাহব্যাপী আর্ট ক্যাম্পে অংশগ্রহণকারী শিল্পীরা। পর্যটন হলরুম, রাঙামাটি। ছবি: সুপ্রিয় চাকমা

প্রকৃতির আপন হাতের ছোঁয়ায় গড়ে ওঠা রূপবতী জেলা রাঙামাটি। জেলার এই নৈসর্গিক সৌন্দর্য রংতুলির মাধ্যমে তুলে ধরবেন শিল্পীরা। আগামী এক সপ্তাহ কাপ্তাই লেকসহ বিভিন্ন ছড়া, ঝরনা ও গ্রাম ঘুরে এসে ছবি আঁকবেন তাঁরা।

রাঙামাটির পর্যটন কমপ্লেক্সের হলরুমে আজ শনিবার সপ্তাহব্যাপী আর্ট ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয় এমনই তথ্য।

‘প্রকৃতির ক্যানভাসে জীবনের রঙ’ শিরোনামে এই আর্ট ক্যাম্পের আয়োজন করেছে ল্যাবএইড ফাউন্ডেশন। বেলা ১১টায় ল্যাবএইড ফাউন্ডেশনের সমন্বয়ক মো. সাইফুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন কবি ও শিল্প সমালোচক রবিউল হুসাইন, চিত্রশিল্পী মনিরুল ইসলাম, সমরজিৎ রায়চৌধুরী, আবুল বারক আলভী, মো. হামিদুজ্জামান, অভিনেত্রী ও চিত্রশিল্পী বিপাশা হায়াত প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিল্পীরা আগামী এক সপ্তাহ নদী, পাহাড়, ঝরনা, নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করবেন। পরে আর্ট ক্যাম্পে এসে সেই সৌন্দর্য তুলির আঁচড়ে ক্যানভাসে ফুটিয়ে তুলবেন। এই আর্ট ক্যাম্প শুধু ক্যাম্প নয়, এটা তরুণ ও প্রবীণ চিত্রশিল্পীদের সমন্বয় ঘটানো। তরুণ শিল্পীরা তাঁদের চিত্রকর্ম নিয়ে প্রবীণদের সঙ্গে ভাবনা বিনিময়ের পাশাপাশি দিকনির্দেশনাও পাবেন।

এই আর্ট ক্যাম্পে অংশ নিচ্ছেন দেশের ২৫ জন স্বনামধন্য চিত্রশিল্পী। ক্যাম্প চলবে ২০ জুলাই পর্যন্ত।

আগামীকাল রোববার বিশেষ অতিথি হিসেবে আর্ট ক্যাম্পে সংগীতশিল্পী সুবীর নন্দীর উপস্থিত থাকার কথা রয়েছে। আর্ট ক্যাম্পে অংশগ্রহণকারী শিল্পীদের আঁকা ছবি নিয়ে ঢাকায় কোনো খ্যাতনামা গ্যালারিতে প্রদর্শনীর আয়োজন করা হবে।

ল্যাবএইড ফাউন্ডেশনের উদ্যোগে এটা ষষ্ঠ আর্ট ক্যাম্প।