রাঙামাটির পরিস্থিতি স্বাভাবিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন শান্ত। শহরের কলেজ গেট কল্যাণপুর এলাকায় সাপ্তাহিক হাটের দিন গতকাল সকালে ফড়িয়া বিক্রেতাদের কাছ থেকে নিত্যপ্রয়োজনীয় সওদা কেনেন ক্রেতারা l ছবি: প্রথম আলো
রাঙামাটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন শান্ত। শহরের কলেজ গেট কল্যাণপুর এলাকায় সাপ্তাহিক হাটের দিন গতকাল সকালে ফড়িয়া বিক্রেতাদের কাছ থেকে নিত্যপ্রয়োজনীয় সওদা কেনেন ক্রেতারা l ছবি: প্রথম আলো

রাঙামাটি শহরের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় সেখানে গত শনিবার জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে গতকাল বুধবার। এরপর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। গত শনিবার থেকে সোমবার পর্যন্ত সংঘটিত সহিংস ঘটনা তদন্তে জেলা প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
গতকাল বিকেল সাড়ে তিনটায় জেলা প্রশাসনের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনাকালে জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানান। তিনি বলেন, তদন্তে যাঁরা দোষী প্রমাণিত হবেন, তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্ত কমিটি আগামী ১০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।
সরেজমিনে দেখা গেছে, গতকাল সকাল থেকে লোকজন স্বাভাবিক অবস্থায় অফিস-আদালত ও নিজ নিজ কাজে যোগ দিতে বের হন। পরে বেলা ১১টায় ১৪৪ ধারা প্রত্যাহারের ঘোষণা দেওয়া হলে মানুষের মধ্যে স্বস্তি আসে। গতকাল শহরের বনরূপা বাজারে ছিল হাটের দিন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোকজন বাজারে ছুটে আসে। তবে গ্রাম থেকে বিক্রেতা কম আসায় লোকজনের মধ্যে শাকসবজি কেনায় হুড়োহুড়ি পড়ে যায়।
সকালে শহরের অভ্যন্তরীণভাবে চলাচলকারী যান অটোরিকশা কম থাকলে ধীরে ধীরে তা বেড়ে যায়। চট্টগ্রামসহ আন্তজেলার যানবাহনও শহরে এসেছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। এদিকে মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাঙামাটি থেকে বান্দরবানে নিয়ে যাওয়ার বিষয়ে বিভিন্ন প্রচারমাধ্যমে সংবাদ প্রকাশের বিষয়টি ছিল সবার মুখে মুখে। এ বিষয়ে জেলা প্রশাসক সামসুল আরেফিন বলেন, ‘সেটা সরকারের সিদ্ধান্তের বিষয়। তবে আমি কোনো তথ্য পাইনি।’
রাঙামাটিতে মেডিকেল কলেজে শিক্ষা কার্যক্রম শুরুকে কেন্দ্র করে গত শনিবার ছাত্রলীগ-যুবলীগসহ কয়েকটি স্থানীয় বাঙালি সংগঠনের কর্মীদের সঙ্গে সন্তু লারমা-সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের কর্মীদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই দিন বেলা সাড়ে ১১টায় রাঙামাটি পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়। কিন্তু রোববার বনরূপা বাজারে বাঙালি ও আদিবাসীদের মধ্যে সহিংসতা শুরু হয়।