রাঙামাটির বন্দুকভাঙ্গা থেকে দুজন অপহৃত
রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়ন থেকে গত রোববার গভীর রাতে শান্তি কুমার চাকমা (৫৫) ও মৃত্যুঞ্জয় চাকমা (৩৫) নামের দুই গ্রামবাসীকে অপহরণের খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করলেও বিস্তারিত কিছু বলতে পারেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত একটা থেকে দেড়টার দিকে একদল দুর্বৃত্ত বন্দুকভাঙ্গা ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের তুংতইন্যা পাড়ার মৃত্যুঞ্জয় চাকমা এবং পাশের গ্রাম মাচ্ছ্যো পাড়ার শান্তি কুমার চাকমাকে অপহরণ কর নিয়ে যায়। এ দুই গ্রামবাসীকে কেন অপহরণ করা হয়েছে বা কোন দল অপহরণ করেছে তা কেউ নিশ্চিত করে বলতে পারেনি।
গতকাল সোমবার সকাল থেকে অপহৃতদের পরিবার ও স্বজনেরা মুক্তির ব্যাপারে বিভিন্ন দলের সঙ্গে সামাজিকভাবে যোগাযোগ করছেন বলে জানা গেছে। যোগাযোগ করা হলে বন্দুকভাঙ্গা ইউনিয়নের একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, অপহূতরা সরাসরি কোনো দলের সঙ্গে জড়িত নন। তবে একটি আঞ্চলিক রাজনৈতিক দলের কিছু কর্মীর সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে।
বন্দুকভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরুণ কান্তি চাকমার সঙ্গে যোগাযোগ করা হলে অপহরণের বিষয়টি শোনার কথা বললেও নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
বিকেল পৌনে চারটার দিকে রাঙামাটি কোতোয়ালি থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম বলেন, বিষয়টি শোনার পর সেখানে আমাদের লোক পাঠানো হয়েছে। কিন্তু তাঁরা কোনো খবর পাঠাননি। থানায় কেউ অভিযোগও করেনি বলে তিনি জানান।