প্রতিরোধের ঘোষণা পাহাড়ি ছাত্র পরিষদের
রাঙামাটির বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ বান্দরবানে যাচ্ছে!
রাঙামাটিতে সহিংসতার প্রেক্ষাপটে এ জেলার নির্মাণাধীন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সম্প্রতি উদ্বোধন করা মেডিকেল কলেজ বান্দরবানে স্থানান্তরের কথা ভাবা হচ্ছে। তবে বান্দরবানের পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও জনসংহতি সমিতি (জেএসএস) এ রকমের যেকোনো উদ্যোগ প্রতিহত করার ঘোষণা দিয়েছে।
গত সোমবার বিকেল চারটায় বান্দরবানের জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী তাঁর কার্যালয়ে এক জরুরি সভা ডাকেন। সভায় প্রতিষ্ঠান স্থানান্তরের ওই চিন্তা-ভাবনার কথা জানানো হয়। জেলার বাসিন্দাদের মতামত জানতে ডাকা হয় এই সভা।
সভায় জেলা পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুর রহিম চৌধুরী ও যুগ্ম সম্পাদক এ কে এম জাহাঙ্গীর, জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুস, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদর পৌরসভার মেয়র জাবেদ রেজা, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোমিনুর রশিদ আমিন ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
তবে পার্বত্য চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের বিরোধিতা করে আসা পাহাড়ি ছাত্র পরিষদ ও জনসংহতি সমিতিসহ আদিবাসী সংগঠনগুলোর কেউ সভায় যোগ দেননি।
সভায় জেলা প্রশাসক বলেন, রাঙামাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ নিয়ে সমস্যা হচ্ছে। তবে বান্দরবানের সামগ্রিক পরিবেশ শান্তিপূর্ণ হওয়ায় উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান দুটি এখানে নিয়ে আসতে সরকারের তরফে মতামত চাওয়া হয়েছে। পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী এ ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত দিয়েছেন।
সভায় মোমিনুর রশিদ আমিন জানান, জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মার্মা এই স্থানান্তরের বিষয়ে সম্মতি দিয়েছেন।
সভায় উপস্থিত আওয়ামী লীগ ও বিএনপির নেতারা সবাই একই বিষয়ে সম্মতি দেন। এ ছাড়া নির্মাণাধীন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম আপাতত বান্দরবান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (টিটিসি) চালানো সম্ভব বলেও মত দেওয়া হয় এ সভায়।
জেলা প্রশাসক জানান, সবার মতামত নিতে আরেকবার সভা ডাকা হবে।
প্রতিরোধের ঘোষণা: দুই প্রতিষ্ঠান বান্দরবানে স্থানান্তরের উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে এ জেলার পাহাড়ি ছাত্র পরিষদ। গতকাল মঙ্গলবার সংগঠনের জেলা শাখার সভাপতি মংস্তু মার্মা স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, সরকার পার্বত্যবাসী যা চায় তা না করে, যা চায় না তা-ই চাপিয়ে দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থানান্তর করা হলে বান্দরবানেও রাঙামাটির মতোই পরিস্থিতির সৃষ্টি হবে। লাগাতার অবরোধ ও হরতাল দিয়ে তিন পার্বত্য জেলা অচল করে দেওয়া হবে।
এদিকে জেএসএস জেলা শাখার সভাপতি সাধুরাম ত্রিপুরা মিল্টন প্রথম আলোকে বলেন, পার্বত্য চুক্তির বাস্তবায়ন ও ভূমি সমস্যা সমাধানের আগে পার্বত্য অঞ্চলের কোথাও বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ চায় না এ অঞ্চলের জনগণ। তাই ওই দুই প্রতিষ্ঠান বান্দরবানে আনা হলে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য সরকারকে দায় নিতে হবে।