রাঙামাটির মাইনীমুখ বাজারে আগুন, ৩০ দোকান পুড়ে গেছে
রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ বাজারে গতকাল মঙ্গলবার আগুন লেগে ৩০টি দোকান পুড়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, এতে তাঁদের প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে।মাইনীমুখ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শাহ আলম চেয়ারম্যান জানান, গতকাল দুপুরে বাজারের একটি লেপ-তোষকের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে তা অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। ৪০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেনাসদস্যরা এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই বাজারের অন্তত ৩০টি দোকান পুড়ে যায়। তিনি দাবি করেন, এতে ক্ষয়ক্ষতির পরিমাণ পাঁচ কোটি টাকা ছাড়িয়ে যাবে।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মাহবুব হোসেন কাঁদতে কাঁদতে জানান, আগুনে তাঁর অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।মাইনীমুখ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল বারেক সরকার বলেন, ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের জন্য সংশ্লিষ্টদের কাছে বারবার দাবি জানানো হয়েছে। গতকাল সেনাবাহিনীর সহায়তা না পেলে আগুনে আরও ভয়াবহ ক্ষতি হয়ে যেত।