রাঙামাটির রাজবন বিহারে কঠিন চীবর দান শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৌদ্ধধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান রাঙামাটি রাজবন বিহারে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কঠিন চীবর দান অনুষ্ঠান। এটি এ বিহারের ৩৯তম কঠিন চীবর দান অনুষ্ঠান। বৌদ্ধ যুগের আদলে ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা বের করা, রং করা, কোমর তাঁতে বোনা ও বিশেষ কায়দায় সেলাই করে তা বৌদ্ধ ভিক্ষুদের দান করা এই অনুষ্ঠানের রেওয়াজ। বনভান্তে খ্যাত সাধক সাধনানন্দ মহাস্থবিরের অনুপ্রেরণায় ৪০ বছর আগে জেলার লংগদু উপজেলার তিনটিলা বনবিহারে প্রথম কঠিন চীবর দান অনুষ্ঠান শুরু হয়। গত বছর বনভান্তের মহাপ্রয়াণের পর রাজবন বিহারে এটিই প্রথম অনুষ্ঠান।অনুষ্ঠানে যোগ দিতে তিন পার্বত্য জেলার প্রত্যন্ত অঞ্চলসহ দেশ-বিদেশের বৌদ্ধসাধক ও এ ধর্মের অনুসারী রাঙামাটি আসছেন। বৌদ্ধধর্মাবলম্বী মানুষের বাড়িতে এ উপলক্ষে আনন্দের বন্যা বইছে। রাজবন বিহারের জ্যেষ্ঠ সহসভাপতি গৌতম দেওয়ান বলেন, আজ বিকেল পৌনে তিনটায় কঠিন চীবর দানের মূল অনুষ্ঠান উদ্বোধন করবেন চাকমা সার্কেলপ্রধান রাজা দেবাশীষ রায়। চরকায় সুতা কেটে চীবর বোনার কার্যক্রম উদ্বোধন করবেন রাজমাতা আরতি রায়।