রাঙামাটির রাজবন বিহারে প্রবারণা পূর্ণিমা উদ্যাপন
রাঙামাটির রাজবন বিহারে গতকাল শুক্রবার যথাযোগ্য মর্যাদায় আশ্বিনী পূর্ণিমা বা প্রবারণা পূর্ণিমা ধর্মীয় আনুষ্ঠানিকতার মাধ্যমে উদ্যাপন করা হয়েছে। জগতের সকল প্রাণীর সুখ ও মঙ্গল কামনার মধ্য দিয়ে ভোর ছয়টা থেকে শুরু হয় ধর্মীয় আনুষ্ঠানিকতা। আজ শনিবার প্রবারণা বা আশ্বিনী পূর্ণিমা তিথি।
গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে হাজারো বৌদ্ধধর্মাবলম্বী মানুষ ফুল, ‘চীবর’সহ (বৌদ্ধসাধক ভিক্ষুদের পরনের কাপড়) নানা দানসামগ্রী নিয়ে রাজবন বিহারে আসতে শুরু করেন। ভোর ছয়টায় বুদ্ধ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রবারণা অনুষ্ঠানের কর্মসূচি শুরু হয়।
বৌদ্ধ ভিক্ষুরা প্রতিবছর একটানা তিন মাস একই বিহারে অবস্থান করে ধর্মীয় সাধনায় মগ্ন থাকেন। পরে আশ্বিনী পূর্ণিমা তিথিতে তাঁরা ধ্যান শেষ করেন। বৌদ্ধধর্মে এই সময়কে ‘প্রবারণা’ বা ‘বর্ষাবাস’ বলে অভিহিত করা হয়।
রাজবন বিহার উপাসক-উপাসিকা কার্যনির্বাহী পরিষদের সদস্য সুস্মিতা চাকমা বলেন, বিহারে তাবতিংস পূজা, বুদ্ধপূজা, পঞ্চশীল গ্রহণ, বুদ্ধমূর্তিদান, সংঘদান, অষ্টপরিষ্কারদান এবং প্রার্থনার আয়োজন করা হয়।
পরে বিহার প্রাঙ্গণে ধর্মদেশনা দেন বিহারের সংঘপ্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির ও জ্যেষ্ঠ সাধক শ্রীমৎ জ্ঞানপ্রিয় মহাস্থবির। প্রার্থনায় বক্তব্য দেন রাজবন বিহার উপাসক-উপাসিকা কার্যনির্বাহী পরিষদের সভাপতি গৌতম দেওয়ান। এ সময় সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী মণিস্বপন দেওয়ানসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।