রাঙামাটির লংগদুতে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিতে কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির লংগদুতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিতে পাহাড়ি-বাঙালি সর্বস্তরের প্রতিনিধিদের নিয়ে ত্রাণ সংগ্রহ কমিটি গঠন করা হয়েছে খাগড়াছড়ির দীঘিনালায়। গতকাল শনিবার সকালে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক সভায় এই কমিটি গঠন করা হয়। সভায় পাহাড়ি-বাঙালি উভয় সম্প্রদায়ের জনপ্রতিনিধি ও পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

বেলা ১১টায় শুরু হওয়া এই সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান নব কমল চাকমা, ইউএনও মো. শেখ শহিদুল ইসলাম, দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুদ্দীন ভূঁইয়া, প্রাথমিক শিক্ষক প্রশিক্ষক মাঈন উদ্দিন ভূঁইয়া, জেএসএস নেতা (এম এন লারমা) প্রশান্ত চাকমা, বোয়ালখালী (সদর) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা প্রমুখ। সভায় এই ঘটনাকে কেন্দ্র করে দীঘিনালায় কোনো সংগঠনের পক্ষ থেকে বিচ্ছিন্নভাবে সভা ও মিছিল না করার সিদ্ধান্ত হয়েছে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা বলেন, ‘আমরা সবাই শান্তি চাই। সন্ত্রাসীর কোনো পরিচয় নেই। কেউ অপরাধ করলে তার আইন অনুযায়ী শাস্তি হবে।’

সভা শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমাকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট সম্মিলিত ত্রাণ সংগ্রহ কমিটি গঠন করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান জানান, সংগ্রহ করা ত্রাণ লংগদুর উপজেলায় ক্ষতিগ্রস্তদের জন্য পাঠানো হবে।