রাঙামাটির শহরতলি থেকে ১৩ জনকে অপহরণ
রাঙামাটি পৌরসভা চক্রপাড়া লিচুবাগান এলাকা থেকে গতকাল বুধবার রাত সাড়ে আটটা থেকে নয়টার দিকে অজ্ঞাতনামা একদল সন্ত্রাসী কমপক্ষে ১৩ জনকে অপহরণ করে নিয়ে গেছে। পৌরসভার স্থানীয় ওয়ার্ড কমিশনার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অপহূতরা হলেন: অগ্রণী ব্যাংকের কর্মচারী সুভাষ চাকমা, ছাত্র শৈবাল দেওয়ান, সুজাত চাকমা ও সুগতি চাকমা, ব্যবসায়ী নিরূপণ চাকমা, বোট চালক সাধন চাকমা ও অরিপ চাকমা, শৈলময় চাকমা, অমি চাকমা, সুপ্রকাশ চাকমা, প্রবাল চাকমা, শুক্র চাকমা ও পিপল চাকমা। রাঙামাটি পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কমিশনার কালায়ন চাকমা অপহূতদের পরিবারের বরাত দিয়ে জানান, রাত সাড়ে আটটা থেকে নয়টার দিকে রাঙামাটি শহরের বনরূপা সমঘাট থেকে ট্রলারযোগে (ইঞ্জিনচালিত দেশি নৌকা) চক্রপাড়া লিচুবাগান এলাকায় পার হওয়ার পরপরই ওত পেতে থাকা একদল সন্ত্রাসী ওই ১৩ জনকে অস্ত্রের মুখে অপর একটি ট্রলারে তুলে কাপ্তাই হ্রদ দিয়ে শহরের পূর্বদিকে নিয়ে যায়। অপহরণকারীদের চাকমা ভাষায় কথা বলতে শোনা গেছে। অপহরণ ঘটনাটি কেন ঘটল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে আঞ্চলিক রাজনৈতিক দলের দ্বন্দ্ব অথবা আদিবাসী দিবস পালনে ঝামেলা সৃষ্টির উদ্দেশ্যে ঘটে থাকতে পারে বলে স্থানীয় লোকজন মনে করছে। রাঙামাটি কোতোয়ালি থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক জয়নাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা শুনে ওসি নিজে ঘটনাস্থলে গেছেন। তবে ঘটনার বিস্তারিত জানা যায়নি।