রাঙামাটির শাহ বহুমুখী বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী
সুনির্মল তালুকদার প্রিয়বন্ধু মধুসূদন ধরকে পেয়ে জড়িয়ে ধরলেন। বললেন, ‘কেমন আছিস, কত দিন পর তোর সঙ্গে দেখা।’ মধুসূদনও ভালো আছেন জানিয়ে বন্ধুর খোঁজখবর নেন। দীর্ঘ ২৫ বছর পর দুই বন্ধুর দেখা।রাঙামাটির ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শাহ বহুমুখী উচ্চবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উৎসবে গতকাল মঙ্গলবার পর্যটন করপোরেশনের সাবেক ব্যবস্থাপক সুনির্মল ও চট্টগ্রামের ব্যবসায়ী মধুসূদনের দেখা হয়। গতকালের অনুষ্ঠানে অনেকেরই ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে দেখা হয়। ১৯৮০-এর ব্যাচের মঞ্জু রানী দে ছিলেন বিদ্যালয়ের সেরা ক্রীড়াবিদ। সেই সময়ের কথা স্মরণ করে তিনি বলেন, ‘শিক্ষকদের পাশাপাশি যেসব সহপাঠীর অনুপ্রেরণা পেয়েছি, তাঁদের অনেকের সঙ্গে দেখা হয়ে যে অনুভূতি হচ্ছে, তা ভাষায় প্রকাশ করতে পারছি না।’ সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় দেড় হাজার প্রাক্তন শিক্ষার্থী সমবেত হন। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষকেরা তাঁদের স্মৃতিচারণা করেন। আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভোজের। এ ছাড়া সকাল ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। রিজার্ভ বাজারের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রাটি বিদ্যালয় পর্যন্ত এসে শেষ হয়। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের সঙ্গে যোগ দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী প্রমুখ। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সুবর্ণজয়ন্তী উদ্যাপন পরিষদের আহ্বায়ক নিখিল কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী প্রধান অতিথির বক্তব্য দেন।