রাঙামাটির সম্মেলন ঘিরে সম-অধিকার আন্দোলন বিভক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চুক্তিবিরোধী বাঙালিদের সংগঠন পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন রাঙামাটি জেলা শাখার দুই পক্ষের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। এক পক্ষ অপর পক্ষকে অবৈধ বলে দাবি করেছে। গতকাল সোমবার ও গত রোববার দেওয়া পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়। আগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় সংগঠনের রাঙামাটি জেলা শাখার সম্মেলনকে কেন্দ্র করে পার্বত্য সম-অধিকার আন্দোলনের দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয় বলে জানা গেছে। রাঙামাটি পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠেয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মেজর জেনারেল (অব.) ইব্রাহিম ও প্রধান বক্তা হিসেবে জাগপা সভাপতি শফিউল আলম প্রধান এবং বিশেষ অতিথি হিসেবে সাবেক সাংসদ আবদুল ওয়াদুদ ভূঁইয়া ও আইনজীবী তাজুল ইসলাম। এ বিষয়ে রাঙামাটি শহরসহ জেলার সর্বত্র প্রচার-প্রচারণা চালানো ও পোস্টার সাঁটানো হয়েছে বলে জানা গেছে।গতকাল সোমবার মো. মশিউল আলম হুমায়ুন ও মো. জাহাঙ্গীর কামাল নিজেদের কেন্দ্রীয় কমিটির সদস্য দাবি করে স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে জানান, সম-অধিকার আন্দোলন রাঙামাটি জেলা কমিটির সাবেক আহ্বায়ক মো. পেয়ার আহমদ খানকে সংগঠন সম্পর্কে বিভ্রান্তি ছড়ানো ও সংগঠনপরিপন্থী কাজের জন্য সংগঠনের সব ধরনের কার্যক্রম ও পদবি থেকে অব্যাহিত দেওয়া হয়েছে। এ ব্যাপারে পেয়ার আহমদের বিরুদ্ধে সম্মেলন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ করে জাহাঙ্গীর কামাল জানান, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত ও অনুমতি নিয়ে সম্মেলন আহ্বান করা হয়েছে।এদিকে রোববার দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে পেয়ার আহমদ খান নিজেকে রাঙামাটি জেলা কমিটির আহ্বায়ক দাবি করে বলেন, তাঁকে না জানিয়ে সংগঠনের কতিপয় সদস্য বৃহস্পতিবার সম্মেলন আহ্বান করেছেন। এ ব্যাপারে কেন্দ্রীয় কমিটির কোনো সমর্থন নেই এবং একই কারণে কেন্দ্রীয় কমিটি সম্মেলন স্থগিত ঘোষণা করেছে। পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের প্রধান উপদেষ্টা বিএনপিদলীয় সাবেক সাংসদ আবদুল ওয়াদুদ ভূঁইয়ার সম্মেলনে উপস্থিত থাকার ব্যাপারে পোস্টারে উল্লেখ করা হলেও তিনি তা জানেন না এবং তাঁর সম্মতি ছাড়া নাম ব্যবহার করা হয়েছে বলে পেয়ার আহমদ অভিযোগ করেন।