রাঙামাটির সাংসদের নেতৃত্বে মেডিকেল কলেজবিরোধী আন্দোলন চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি থেকে নির্বাচিত সাংসদ ঊষাতন তালুকদারের নেতৃত্বে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়বিরোধী আন্দোলন চলছে বলে অভিযোগ করেছেন নারী সাংসদ ফিরোজা বেগম। সাংসদ বলেন, তিনি (ঊষাতন) একদিকে আন্দোলন করবেন আর ছাত্র ভর্তির জন্য ডিও লেটার (অনানুষ্ঠানিক পত্র) দেবেন, এমন দ্বৈত ভূমিকা ঠিক না।
গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় রাঙামাটি শহরের ভেদভেদি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ফিরোজা বেগম এসব কথা বলেন। তিনি বলেন, রাঙামাটিতে মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন আওয়ামী লীগের রাজনৈতিক অঙ্গীকার। কতিপয় ব্যক্তির বিরোধিতার কারণে রাঙামাটি থেকে মেডিকেল কলেজ বান্দরবানে স্থানান্তর করা হলে তা হবে দুঃখজনক।
তবে জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহসভাপতি ও রাঙামাটি থেকে নির্বাচিত সাংসদ ঊষাতন তালুকদার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘রাঙামাটির একজন স্থায়ী বাঙালি বাসিন্দাকে অন্য একটি মেডিকেলে ভর্তির জন্য ডিও লেটার দিয়েছি। সেটা রাঙামাটি মেডিকেল কলেজে ভর্তির জন্য নয়।’
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় সাংসদ ফিরোজা বেগম বলেন, ‘মেডিকেল কলেজ স্থানান্তরের ব্যাপারে সংবাদ দেখে বান্দরবান জেলা প্রশাসকের সঙ্গে কথা বলি। তিনি (জেলা প্রশাসক) সরকারের উচ্চমহল থেকে তাঁর কাছে মতামত চাওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন।’
১০ ও ১১ জানুয়ারি রাঙামাটি শহরে সহিংসতার বিষয়ে ফিরোজা বেগম বলেন, এমন সহিংসতা এখানে নতুন নয়। একসঙ্গে থাকলে ভুল-বোঝাবুঝি হতে পারে। কারও অধিকার বা কৃষ্টি-সংস্কৃতিতে আঘাত লাগলে সবাই মিলে তা প্রতিহত করতে হবে। যেকোনো বিরোধ স্থানীয়ভাবে সবাই মিলে সমাধান করলে সহিংস ঘটনা বন্ধ হবে।
ছাত্র ইউনিয়নের সংবাদ সম্মেলন: গতকাল শনিবার সকালে শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে বলা হয়, ছাত্র ইউনিয়ন উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের বিরোধিতা করতে পারে না। তবে সরকার যদি অপকৌশল হিসেবে এসব স্থাপনের সিদ্ধান্ত নেয়, সে ক্ষেত্রে তার বিরোধিতা করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান জেলা সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী।