তারা সবাই নবম শ্রেণীর পরীক্ষায় কৃতকার্য। অথচ ওই শ্রেণীতে অকৃতকার্য দেখিয়ে বোর্ড তাদের এসএসসি (কারিগরি) পরীক্ষার ফল স্থগিত রেখেছে। এ অভিযোগ রাঙামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ৬৪ জন শিক্ষার্থীর। ত্রুটিপূর্ণ ফলের কারণে তাদের শিক্ষাজীবনই অনিশ্চয়তায় পড়েছে।ভুক্তভোগী শিক্ষার্থীরা স্থগিত হওয়া ফল অবিলম্বে প্রকাশ এবং সরকারি বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে উচ্চ-মাধ্যমিক ও ডিপ্লোমা কোর্সে ভর্তির সময়সীমা বাড়ানোসহ তাদের ভর্তির জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের দাবিতে গতকাল মঙ্গলবার রাঙামাটিতে মানববন্ধন করেছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গতকাল সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়। পরে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি দেয়। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, চলতি বছরের ৭ মে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ২০১২ সালের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার যে ফল ঘোষণা করে, তাতে রাঙামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ৩৭২ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮৭ জন কৃতকার্য, ২১ জনকে রেফার্ড ও ৬৪ জনের ফলাফল স্থগিত দেখানো হয়। শিক্ষার্থীরা জানায়, তারা সবাই ২০১১ সালে অনুষ্ঠিত নবম শ্রেণীর পরীক্ষায় কৃতকার্য হয়েছে এবং তার ফলাফল বিবরণীও রয়েছে। কিন্তু ফলাফল স্থগিত হওয়া ৬৪ জনের ক্ষেত্রেই কারণ হিসেবে নবম শ্রেণীর পরীক্ষায় অনুত্তীর্ণ বলে উল্লেখ করা হয়েছে।হতাশ শিক্ষার্থীরা আরও জানায়, দেশের সব সরকারি কলেজ ও পলিটেনিক ইনস্টিটিউটে উচ্চমাধ্যমিক ও ডিপ্লোমা কোর্সে ভর্তির সময়সীমা আজ বুধবার (৬ মে) শেষ হয়ে যাচ্ছে। তাই তাদের ভর্তির আর কোনো সুযোগ রইল না। শিক্ষার্থীরা তাদের বিষয়ে ব্যবস্থা নিতে রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দিয়েছে। রাঙামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ এ কে এম সাইদুল ইসলাম জানান, শিক্ষার্থীদের ভবিষ্যৎ চিন্তা করে নবম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার কাগজপত্র বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পাঠানো হয়েছে। রাঙামাটির জেলা প্রশাসক মো. মেস্তফা কামাল শিক্ষার্থীদের কাছ থেকে স্মারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, এ বিষয়ে তিনি কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছেন এবং প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষকে কাগজপত্র নিয়ে বোর্ডে যেতে বলেছেন।