রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে আজ থেকে অবরোধ
রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে আদিবাসী ও বাঙালিরা পাল্টাপাল্টি অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে। আজ শনিবার থেকে সোমবার
পর্যন্ত বাঙালি সংগঠনের উদ্যোগে এবং সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য আদিবাসী একটি সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বাঙালিদের মালিকানাধীন বাগানের আনারস ও সেগুনের চারা নষ্ট করা এবং তিনটি আদিবাসী গ্রামে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে পৃথকভাবে এ কর্মসূচি ডাকা হয়েছে।
গত বৃহস্পতিবার নানিয়ারচরে বাঙালিদের সংগঠন ভূমি উদ্ধার আন্দোলন পরিষদের যুগ্ম আহ্বায়ক আ. সালাম মাস্টার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
একই দিনে আদিবাসীদের সংগঠন নানিয়ারচর ভূমি রক্ষা কমিটির সদস্য সেন্টু চাকমা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার থেকে লাগাতার সড়ক অবরোধের ঘোষণা দেওয়া হয়। এর আগে আদিবাসী গ্রামে হামলার প্রতিবাদে আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) উদ্যোগে ১৬ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক অবরোধ করা হয়।
১৫ ডিসেম্বর রাতে নানিয়ারচরের বগাছড়ি এলাকায় বাঙালিদের মালিকানাধীন বাগানের চার লাখ আনারস ও ২২ হাজার সেগুনগাছের চারা কেটে ফেলে দুর্বৃত্তরা। ১৬ ডিসেম্বর সকালে তিনটি আদিবাসী গ্রামে হামলা হয়। পুড়িয়ে দেওয়া হয় ৫৪টি বসতবাড়ি ও সাতটি দোকান। ভাঙচুর করা হয় বৌদ্ধমন্দির।