বান্দরবান থেকে চারটি সড়কে গাড়ি চলছে না : বৃষ্টি, পাহাড়ি ঢল ও ধস
রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে যানবাহন চলাচল বন্ধ
পাহাড়ধসের কারণে টানা ৩৩ দিন রাঙামাটি ও খাগড়াছড়ির মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ ছিল। সংস্কারের পর ১৬ জুলাই থেকে এই সড়কে হালকা যানবাহন চলতে শুরু করে। কিন্তু মাত্র আট দিনের মাথায় গতকাল সোমবার পাহাড়ি ঢলে এই সড়কের খামারপাড়া এলাকা আবার ধসে যায়। ফলে সড়কটিতে আবারও যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
এ ছাড়া প্রবল বৃষ্টিতে নতুন করে পাহাড়ধসের আশঙ্কা এবং পাহাড়ি ঢলের কারণে সকাল থেকে বান্দরবান-চট্টগ্রাম, বান্দরবান-রাঙামাটি, বান্দরবান-রুমা এবং বান্দরবান-চিম্বুক-থানচি সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বৃষ্টি না কমা পর্যন্ত এসব সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখা হবে বলে জানান পরিবহন মালিক-শ্রমিকেরা। তবে বান্দরবান-রোয়াংছড়ি সড়কে যানবাহন চলছে।
গত রোববার সকালে বান্দরবান-রুমা সড়কের দলিয়ানপাড়ায় (বান্দরবান শহর থেকে ২৫ কিলোমিটার দূরে) পাহাড়ধসের ঘটনায় মারা যান এক বাসযাত্রী। এ ঘটনায় এখনো পাঁচজন নিখোঁজ রয়েছেন।
বান্দরবান জেলা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আলম বলেন, বান্দরবান-কেরানীহাট-চট্টগ্রাম সড়কের বড়দুয়ারা ও
দোস্তিদার হাট অংশ পানিতে ডুবেরয়েছে। এ জন্য সকাল থেকে ওই সড়কে গাড়ি চালানো যাচ্ছে না। অন্যদিকে বান্দরবান-রাঙামাটি সড়কের বান্দরবান জেলা শহরতলির স্বর্ণমন্দির এলাকায় বেইলি সেতুসহ কয়েকটি স্থান ঢলের পানিতে ডুবে যাওয়ায় গাড়ি চলাচল বন্ধ রয়েছে। বান্দরবান-চিম্বুক-থানচি সড়কে পাহাড়ধসের আশঙ্কায় গাড়ি চলছে না। সড়কের বলীপাড়া বাজারের কাছাকাছি একটি অংশে ফাটল সৃষ্টি হয়েছে।
এদিকে গতকাল দুপুরে রাঙামাটি শহর থেকে ১৬ কিলোমিটার দূরে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের খামারপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, সড়কে হাঁটুপানি জমেছে। পানির স্রোতে সড়কের প্রায় আট ফুট অংশ ধসে গেছে। ফাটল দেখা যায় আরও প্রায় ৫০ ফুট অংশে। সেখান থেকে দুই কিলোমিটার দূরে মোনতলা কিজিং এলাকায় সড়কের সাত ফুট আবার ভেঙে গেছে। হঠাৎ করে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন যাত্রীরা।
মোনতলা কিজিং এলাকায় কথা হয় বিধুর চাকমা ও শান্তি জীবন চাকমার সঙ্গে। তাঁরা দুজন খাগড়াছড়ি থেকে রাঙামাটি আসছেন। খাগড়াছড়ি থেকে জিপে (চাঁদের গাড়ি) করে মোনতলা কিজিং পর্যন্ত এসেছেন। তাঁরা বলেন, সড়কের ভাঙা অংশ হেঁটে পার হয়ে রাঙামাটির গাড়িতে উঠবেন।
অটোরিকশাচালক অমরজিৎ চাকমা বলেন, রাঙামাটি থেকে অটোরিকশায় খাগড়াছড়ির মহালছড়ি পর্যন্ত এত দিন গাড়ি চলেছে। এখন গাড়ি যাচ্ছে খামারপাড়ার মুখ পর্যন্ত। এরপর যাত্রীরা হেঁটে ভাঙা অংশ পার হয়ে মোনতলা কিজিং এলাকা পার হয়ে অন্য পাশের গাড়িতে উঠছেন।
রাঙামাটির সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. এমদাদ হোসেন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, রাঙামাটি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়কের খামারপাড়া প্রায় ৫০ ফুট অংশ ধসে বিচ্ছিন্ন হয়ে গেছে।
৬৮ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি রাঙামাটি অংশে রয়েছে ৩৭ কিলোমিটার, বাকি অংশ খাগড়াছড়িতে।
রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, ১৩ জুনের পাহাড়ধসে খামারপাড়া ও মোনতলা কিজিং এলাকায় দুটি অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। খামারপাড়াটি সদর উপজেলা সাপছড়ি ইউনিয়নে ও মোনতলা কিজিং কুতুকছড়ি ইউনিয়নে পড়েছে। মোনতলা কিজিং এলাকায় সড়কের ভাঙা অংশ মাটি দিয়ে ভরাট করা হয়। কিন্তু সড়কের এই অংশে কোনো প্রতিরক্ষা দেয়াল তৈরি করা হয়নি। ফলে টানা বৃষ্টিতে ভরাট করা সংস্কার করা সড়কের একাংশ ধসে পড়েছে। এ ছাড়া খামারপাড়া এলাকায় নতুর করে ৫০ ফুট অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে।
কুতুকছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কানন চাকমা প্রথম আলোকে বলেন, পানিনিষ্কাশনের ব্যবস্থা না রাখায় সড়কের ওপর দিয়ে বৃষ্টি ও পাহাড় থেকে নেমে আসা পানি প্রবাহিত হচ্ছে। ফলে সড়ক ভাঙছে।
এ বিষয়ে রাঙামাটির সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. এমদাদ হোসেন প্রথম আলোকে বলেন, ক্ষতিগ্রস্ত মোনতলা কিজিং ও খামারপাড়া এলাকায় পানিনিষ্কাশনের জন্য পানির পাইপ ও নালা রয়েছে। সেগুলো মাটি জমে ভরাট হওয়ায় পানি প্রবাহিত হচ্ছে সড়কের ওপর দিয়ে। নালা ও পাইপগুলো সচল করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু বৃষ্টির কারণে সম্ভব হচ্ছে না।