রাঙামাটি-খাগড়াছড়িতে শান্তিপূর্ণ হরতাল
পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী বাতিলের দাবিতে কয়েকটি সংগঠনের ডাকা হরতালের দ্বিতীয় দিন রাঙামাটি ও খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। গত বুধবার ভোর ছয়টা থেকে হরতাল শুরু হয়।
গতকাল বৃহস্পতিবারের হরতালে রাঙামাটিতে সড়ক ও নৌপথে অভ্যন্তরীণ ও দূরপাল্লার যানবাহন চলাচল করেনি। দোকানপাট ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। সরকারি-বেসরকারি কার্যালয়ে লোকসমাগম ছিল কম। রাঙামাটি শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে হরতাল-সমর্থকেরা সারা দিন পিকেটিং করেছে।
রাঙামাটির পুলিশ সুপার মো. সাঈদ তারিকুল হাসান বলেন, হরতালের সময় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এদিকে স্থানীয় সূত্র জানায়, খাগড়াছড়ি থেকে দূরপাল্লার কোনো যানবাহন চলেনি। হাটের দিন থাকায় কিছু ছোট যানবাহন চলাচল করেছে। বাজারের আশপাশের কিছু দোকানপাট খোলা ছিল। শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রীর উপস্থিতি ছিল না।
খাগড়াছড়ির সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রইছ উদ্দিন বলেন, হরতালে কোথাও থেকে কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি। কিছু ছোট যানবাহন চলাচল করেছে।
পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ, পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য গণপরিষদ, পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন ও পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদের সমন্বয়ে গঠিত ঐক্য পরিষদ এ হরতালের ডাক দেয়।
ঐক্য পরিষদের সমন্বয়কারী মো. আক্কাছ আল মামুন বলেন, ‘সরকার সংশোধনী বাতিলের পরিবর্তে দ্রুত গেজেট প্রকাশ করেছে। এতে বাঙালিদের অধিকার ক্ষুণ্ন হয়েছে।’ তিনি বলেন, ‘আমরা আগামী তিন দিন কর্মসূচি দিচ্ছি না। রোববার পাঁচটি দলের সমন্বয়ে বৈঠকের পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’
বান্দরবানে হরতাল হয়নি: তিন পার্বত্য জেলায় ডাকা হরতাল গতকাল বান্দরবানে পালিত হয়নি।
পার্বত্য সম-অধিকার আন্দোলনের সমন্বয়কারী মো. কামাল বলেন, মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে বান্দরবানে হরতাল করা হয়নি। কেন্দ্রীয় কমিটি থেকেও কোনো নির্দেশনা দেওয়া হয়নি।