রাঙিয়ে তোলা হচ্ছে প্রতিমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পূজামণ্ডপগুলোতে প্রতিমা তৈরির কাজ শেষ। এখন চলছে রং-তুলির আঁচড়ে প্রতিমাগুলোকে রাঙিয়ে তোলার কাজ। পাশাপাশি তোরণ নির্মাণ ও মণ্ডপ নানা রঙে সাজাতে ব্যস্ত হয়ে পড়েছে জেলা পূজা উদ্যাপন কমিটি।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ঠাকুরগাঁও জেলার সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ বলেন, ঠাকুরগাঁও জেলায় ৪২৯টি মণ্ডপে দুর্গাপূজা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১৮৩টি, পীরগঞ্জে ১১২টি, রানীশংকৈলে ৫২টি, হরিপুরে ২০টি ও বালিয়াডাঙ্গীতে ৬২টি মণ্ডপে পূজার প্রস্তুতি চলছে।
গতকাল সরেজমিনে ঠাকুরগাঁও শহরের হলপাড়া দুর্গাবাড়ি পূজামণ্ডপে দেখা গেছে, মন্দিরে প্রতিমা তৈরির পর বিভিন্ন রঙের কাজ শুরু করেছেন শিল্পীরা। এ কাজে ব্যস্ত বিভিন্ন বয়সের দু-তিনজন শিল্পী। আর প্রতিমাগুলো দেখতে ভিড় করছে এলাকার শিশুর দল। প্রতিমাশিল্পী নিতাই পাল বলেন, শুধু টাকার জন্য নয়, প্রতিবছর প্রতিমা তৈরি করার নেশা থেকে তিনি এ কাজ করে থাকেন। মানুষ প্রতিমার প্রশংসা করলে আনন্দে মন ভরে ওঠে।
জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস বলেন, গত বছরের তুলনায় জেলায় এ বছর পূজামণ্ডপের সংখ্যা বেড়েছে। তবু দুর্গাপূজা উদ্যাপন করতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা রয়েছে।