রাঙ্গাবালী থানার ওসিকে কারণ দর্শানোর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের নির্দেশনা অনুযায়ী তদন্ত প্রতিবেদন ও আইনগত ব্যবস্থা না নেওয়ায় পটুয়াখালীর রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আদালত কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার গলাচিপা উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক রাজীব রায় এ নির্দেশ দেন এবং ৩১ জানুয়ারি ওসিকে কারণ দর্শাতে বলা হয়েছে।
আদালতের নির্দেশনা অনুযায়ী রাঙ্গাবালী উপজেলার চরগঙ্গা গ্রামের গৃহবধূ রেশমা বেগমের আত্মহত্যার বিষয়ে তদন্ত প্রতিবেদন ও আইনগত ব্যবস্থা না নেওয়ায় আদালত এ ব্যবস্থা নিয়েছেন বলে মামলায় বাদীপক্ষের আইনজীবী উম্মে আসমা আঁখি আদালতের নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেছেন।
রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা গ্রামের রেশমা বেগম (২০) নামের এক গৃহবধূ গত বছরের ১০ নভেম্বর দুপুরে বিষ পান করে আত্মহত্যা করেন। আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে রেশমার মা নিলুফা বেগম বাদী হয়ে গত ১৬ নভেম্বর রেশমার স্বামী মো. এনামুল হক, শ্বশুর, শাশুড়িসহ ছয়জনের বিরুদ্ধে গলাচিপা উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে একটি মামলা করেন।
মামলার অভিযোগে বলা হয়, রেশমার আট বছর বয়সে তাঁর দাদি মরিয়ম বেগমের কাছে রেখে বাবা ফারুক হাওলাদার ও মা নিলুফা বেগম আয়রোজগারের উদ্দেশ্যে ঢাকা যান। রেশমাকে তাঁর দাদি স্কুলে ভর্তি করিয়ে দেন। এদিকে রেশমা বড় হয়ে উঠলে একই এলাকার সোবাহান আকনের ছেলে এনামুল হক স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই রেশমাকে উত্ত্যক্তসহ প্রেম নিবেদন ও বিয়ের প্রস্তাব দিতেন। পরে বাবা-মায়ের অনুপস্থিতিতে দুই বছর আগে মিথ্যা প্রলোভন দিয়ে এনামুল রেশমাকে বিয়ে করেন। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকে এনামুল যৌতুক দাবি করে রেশমা বেগমের ওপর অত্যাচার শুরু করেন। রেশমা চার মাসের অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও নির্যাতন থামেনি। নির্যাতনের একপর্যায়ে রেশমার গর্ভপাত হয়। শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ার পরও রেশমার ওপর অত্যাচার-নির্যাতন থামেনি। এ অবস্থায় নির্যাতন সইতে না পেরে রেশমা বেগম গত বছরের ১০ নভেম্বর দুপুরে বিষপানে আত্মহত্যা করেন।
আদালত এই মামলার তদন্ত করে প্রতিবেদনসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাঙ্গাবালী থানার ওসিকে নির্দেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী উম্মে আসমা আঁখি জানান, এই মামলার শুনানির তিনটি তারিখ পার হলেও আদালতের নির্দেশনা অনুযায়ী রাঙ্গাবালী থানার ওসি তদন্ত প্রতিবেদন জমাসহ কোনো ব্যবস্থা না নেওয়ায় গতকাল বৃহস্পতিবার বিষয়টি আদালতের নজরে আনা হয়। এ সময় আদালত রাঙ্গাবালীর ওসিকে কারণ দর্শানোর নির্দেশসহ ৩১ জানুয়ারি সশরীরে উপস্থিত হয়ে জবাব দিতে বলেছেন।
এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে রাঙ্গাবালী থানার ওসি শামসুল আরেফিন জানান, ঘটনার দুই মাস পেরিয়ে গেলেও রেশমা বেগমের ময়নাতদন্তের প্রতিবেদন থানায় পৌঁছায়নি। তারপরও আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।