রাঙ্গাবালীতে আ.লীগের ১০২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের ১০২ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। রাঙ্গাবালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান ফরাজি বাদী হয়ে গতকাল সোমবার গলাচিপার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন। বিএনপির সভায় হামলা চালানোর অভিযোগে মামলাটি করা হয়। এর আগে ১ জুন রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আবুল কালাম তাঁদের দলীয় শোভাযাত্রায় হামলা চালানোর অভিযোগে বিএনপির শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে রাঙ্গাবালী থানায় একটি মামলা করেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ৩০ মে বাহেরচর বন্দরের এসসিআই মাঠে রাঙ্গাবালী উপজেলা বিএনপি ও দলের অঙ্গসংগঠনের পূর্বনির্ধারিত সমাবেশ শুরু হয়। সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান কবির ও সাধারণ সম্পাদক এনামুল ইসলামের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী হামলা চালান। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। উপজেলা বিএনপির সভাপতি কবির হোসেন তালুকদার জানান, আওয়ামী লীগের নেতা-কর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে তাঁদের সমাবেশ পণ্ড করে দিয়েছেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল ইসলাম দাবি করেন, আওয়ামী লীগের একটি শোভাযাত্রার পেছন দিকে থাকা নেতা-কর্মীদের ওপর বিএনপির সমাবেশ থেকে হামলা করা হয়।