রাঙ্গাবালীতে কুপিয়ে যুবককে হত্যা
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরবেস্টিন গ্রামে অলিল পেয়াদা নামের (২৫) এক যুবককে গত বুধবার ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। অলিল ওই এলাকার একটি বাগদা চিংড়ির ঘেরে পাহারাদার হিসেবে কাজ করতেন। অলিলকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে চরবেস্টিন গ্রামের মো. মাহাজিব তালুকদার (২৫) এবং গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের আটখালী গ্রামের মো. বশির নামের (২৭) দুই যুবককে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, চরবেস্টিন গ্রামে গণঘের নামের একটি বাগদা চিংড়ির ঘেরে একই গ্রামের মো. আনজু পেয়াদার ছেলে অলিল পেয়াদা পাহারাদার হিসেবে কাজ করতেন। গত বুধবার রাতে অলিল ওই ঘের পাহারা দিচ্ছিলেন। এ সময় ওত পেতে থাকা দুষ্কৃতকারীরা ধারালো অস্ত্র দিয়ে অলিলকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। রাঙ্গাবালী থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল কাশেম জানান, তিনি ঘটনাস্থল থেকে অলিলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। সুরতহালের সময় লাশের বুকে ও পেটে ধারালো অস্ত্রের কাটা দাগ পাওয়া গেছে।