রাঙ্গাবালীতে গৃহবধূ খুন, স্বামী গ্রেপ্তার
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের মণিপাড়া গ্রামে যৌতুকের দাবি মেটাতে না পারায় সানিয়া আকতার নামে (১৯) অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ সানিয়ার স্বামী মো. রনো পালোয়ানকে গ্রেপ্তার করেছে।সানিয়ার পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১১টার দিকে মণিপাড়া গ্রামের রনো পালোয়ানের স্ত্রী সানিয়া আকতারের লাশ গলায় ফাঁস লাগানো অবস্থায় ঘরের আড়ার সঙ্গে ঝুলতে দেখে রনোর স্বজনেরা এলাকাবাসীকে জানায়। পরে বৃহস্পতিবার দুপুরে রাঙ্গাবালী থানার পুলিশ সানিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহে আলম প্রথম আলোকে বলেন, সানিয়ার বাবা মো. জাকির হোসেন সিকদার বৃহস্পতিবার সকালে থানায় একটি অপমৃত্যুর মামলা করেন। পরে সুরতহাল করার সময় পুলিশ তাঁর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখতে পায়। এতে ধারণা করা হয়, সানিয়াকে হত্যা করে লাশের গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। বৃহস্পতিবার রাতে নিহত সানিয়ার বাবা মো. জাকির হোসেন সিকদার সানিয়ার স্বামী মো. রনো পালোয়ান, ননদ মোসামঞ্চত ইতি বেগম ও শাশুড়ি ফাতেমা বেগমকে আসামি করে একটি হত্যা মামলা করেন। পুলিশ রনো পালোয়ানকে গ্রেপ্তার করেছে।সানিয়ার বাবা জাকির হোসেন সিকদার জানান, দুই বছর আগে মণিপাড়া গ্রামের রনো পালোয়ানের সঙ্গে তাঁর মেয়ে সানিয়া আকতারের বিয়ে হয়। বিয়ের পর থেকে রনো পালোয়ান বিভিন্ন সময় যৌতুক দাবি করেন। মেয়ের সুখের জন্য তিনি মেয়েজামাইকে ঘর তোলার খরচও দিয়েছেন। এর পরও রনো পালোয়ান যৌতুক হিসেবে একটি মোটরসাইকেল ও নগদ টাকার জন্য সানিয়াকে চাপ দিতে থাকেন। এসব নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। তিনি জানান, সানিয়া আকতার সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বৃহস্পতিবার রাতে আসামিরা সানিয়াকে পিটিয়ে হত্যা করে লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে বলে তিনি অভিযোগ করেন।