রাঙ্গাবালীতে ঘেরে হামলা, মাছ লুটের অভিযোগ
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে তিন দিন ধরে দফায় দফায় হামলা করে পাঁচটি মাছের ঘের থেকে দুই কোটি টাকার মাছ লুট করে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আবু সামসুদ্দিনের নেতৃত্বে এ ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ ঘেরের মালিকের।ঘেরের মালিক গলাচিপা পৌরসভার মেয়র ও গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল ওহাব খলিফা অভিযোগ করেন, তিন দিন ধরে আবু সামসুদ্দিনের নেতৃত্বে শতাধিক লোক চরমোন্তাজের চরবেস্টিনে দুটি, চরলক্ষ্মীতে দুটি ও চরমারগারেটে অবস্থিত একটি মাছের ঘের থেকে কয়েক দফায় প্রায় দুই কোটি টাকার মিঠাপানির মাছ লুট করে। একই সঙ্গে তারা ঘেরের বাঁধ কেটে দিয়ে বাকি মাছ নদীর পানিতে ভাসিয়ে দেয়। বাঁধ কেটে দেওয়ায় আরও প্রায় এক কোটি টাকার বাগদারেণু ও অন্যান্য মাছ নদীতে ভেসে যায়। তিনি পৈতৃক জমিতে ঘের করেছেন। রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহে আলম বলেন, এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে ঘেরগুলোর বাঁধ কেটে দিচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। জানতে চাইলে মো. আবু সামসুদ্দিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, চিংড়ি চাষের নামে এলাকায় লবণপানি ওঠানোর কারণে এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে প্রায় সব কটি ঘেরের বাঁধ কেটে দিয়েছে। এর সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। ওহাব খলিফার অভিযোগ সত্য নয়।