পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড় বাইশদিয়া ইউনিয়নের কৃষকেরা স্লুইসগেট বন্ধ করে দেওয়া শুরু করেছেন। এক সপ্তাহে তাঁরা দুটি স্লুইসের দরজার ভেতরের দিকে মাটি ফেলে বন্ধ করে দেন। এর আগে ২২ নভেম্বর বড় বাইশদিয়ার তক্তাবুনিয়া বাজারে সমাবেশ করে কৃষকেরা এলাকার সব স্লুইস বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন।কৃষকদের অভিযোগ, এলাকার প্রভাবশালী রাজনৈতিক নেতারা চিংড়ি চাষের জন্য স্লুইসের দরজা খুলে দিয়ে পুরো এলাকায় লবণপানি ওঠানোর কারণে ইউনিয়নের ১১টি গ্রামের প্রায় চার হাজার একর জমির আমন ধান চিটা হয়ে গেছে। কৃষকেরা জানান, গত ১০ বছরের মধ্যে চলতি বছর আমনের ফলন বেশি হবে বলে তাঁরা আশা করেছিলেন। এ বছর আমনখেতে রোগ-বালাইয়ের প্রভাব ছিল না বললেই চলে। ধানের ফলনও ভালো ধরেছিল। কিন্তু গত অমাবস্যার জোয়ারে এলাকার প্রভাবশালী ব্যক্তিরা চিংড়ি চাষের জন্য ইউনিয়নের নয়টি স্লুইস খুলে দিয়ে পুরো এলাকায় লবণপানি ওঠান। ওই সময় আমন ধান সবেমাত্র পরিপক্ব হতে শুরু করেছিল।এলাকার ধানখেতগুলো লবণপানিতে ডুবে যাওয়ার পরই কৃষকেরা লক্ষ করেন, কাঁচা ধানের শিষগুলো কেমন শুকিয়ে যেতে শুরু করেছে। এখন ধান পাকার সময় কৃষকেরা দেখছেন, তাঁদের খেতের বেশির ভাগ আমন ধানই চিটা হয়ে গেছে। বড় বাইশদিয়ার কাটাখালী গ্রামের কৃষক মো. রাশেদ খান জানান, তিনি এ বছর ১৮ একর জমিতে আমন চাষ করেছেন। লবণপানির প্রভাবে তাঁর খেতের সব ধানই চিটা হয়ে গেছে। তিনি বলেন, ‘১৮ একর জমিতে আমি মনে হয় ১০ মণ ধানও পাব না।’ গলাচিপা উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফজলুল হক প্রথম আলোকে জানান, স্থানীয় প্রজাতির আমন ধানের সব ডাব (পরিপক্ব হওয়ার আগে) অবস্থায় খেতে লবণপানি ওঠালে ওই ধান আর পরিপক্ব হবে না। সে ক্ষেত্রে একপর্যায়ে ধানগুলো চিটা হয়ে যাবে। এ ছাড়া ধান গাছের পরাগায়ন অথবা গর্ভাবস্থায়ও লবণপানির প্রভাবে ধান চিটা হয়ে যেতে পারে।