রাঙ্গাবালীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আটজন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত মো. সজীবকে (২৪) গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের রাঙ্গাবালীতে চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে কোড়ালিয়া বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও ছাত্রদলের নেতা-কর্মীদের সূত্রে জানা গেছে, জাতীয়তাবাদী ছাত্রদলের রাঙ্গাবালী উপজেলা শাখার কর্মী সম্মেলন ও কাউন্সিল ২৪ মার্চ। কাউন্সিলে সভাপতি পদপ্রার্থী জাকির হোসেন তাঁর সমর্থকদের নিয়ে প্রচারণার জন্য গতকাল দুপুরে ছোটবাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া বাজারে যান। দুপুর সাড়ে ১২টার দিকে জাকির ও তাঁর সঙ্গীরা সেখান থেকে ফেরার পথে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবং সভাপতি পদের অপর প্রার্থী মো. বায়েজিদ লোকজন নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।জাকির হোসেন অভিযোগ করেন, প্রচারণা শেষে কোড়ালিয়া বাজার থেকে ফেরার পথে বায়েজিদ, কোড়ালিয়া এলাকার আলাল পেয়াদা ও ঝিলামের নেতৃত্বে ২৫-৩০ জন তাঁদের ওপর হামলা চালান। এতে তাঁর পাঁচজন সমর্থক আহত হন। বায়েজিদ বলেন, ‘আমার নেতৃত্বে হামলার অভিযোগ ঠিক নয়। আমি বিষয়টি মিটমাট করার চেষ্টা করেছি, কিন্তু তা সম্ভব হয়নি। জাকিরের লোকজনের হামলায় আমার তিনজন কর্মী আহত হয়েছে।’