রাঙ্গাবালীতে ট্রলারডুবি, ভেজা গম বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় অতিদরিদ্র নারীদের জন্য বরাদ্দ হওয়া ভিজিডির সাড়ে ১৬ মেট্রিকটন গমসহ একটি ট্রলার গত বুধবার রাতে দাঁড়ছিঁড়া নদীতে ডুবে গেছে। পরে ডুবে যাওয়া গম উদ্ধার করে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে তা বিতরণ করা হয়।
সুবিধাভোগী নারীরা ভেজা গম পেয়ে হতাশা প্রকাশ করেছেন। তাঁদের মতে, শুধু নিয়ম রক্ষার জন্য এ গম দেওয়া হচ্ছে। ভেজা এ গম তাঁদের কোনো কাজেই আসবে না।
বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদের একাধিক সদস্য এবং স্থানীয় লোকজন জানান, ইউনিয়নের ২৫৮ জন অতিদরিদ্র নারীর নামের বিপরীতে প্রতিমাসে ৩০ কেজি করে গম বরাদ্দ দেওয়া হয়। গত দুই মাসে তাঁদের জন্য বরাদ্দ হওয়া গম বিতরণ করা হয়নি। তাঁদের নামে অক্টোবর, নভেম্বর ও চলতি ডিসেম্বর মাসে ৯০ কেজি করে মোট ২৩ দশমিক ২২ মেট্রিকটন গম বরাদ্দ দেওয়া হয়। বুধবার রাঙ্গাবালী খাদ্যগুদাম থেকে বরাদ্দের চাহিদাপত্র (ডিও) অনুসারে গম উত্তোলন করেন বড়বাইশদিয়া ইউনিয়নের ভিজিডি প্রকল্পের সভাপতি ইউপি মেম্বার মো. হেলাল উদ্দিন।