পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার তিনজন সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। গত সোমবার পটুয়াখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলা করেন গলাচিপার পানপট্টি এলাকার আবদুল মালেক প্যাদা নামের এক ব্যক্তি। তবে সাংবাদিকদের দাবি, অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে প্রতিবেদন প্রকাশের জেরে তাঁদের বিরুদ্ধে এ মিথ্যা মামলা করা হয়েছে।
ওই তিন সাংবাদিক হলেন দৈনিক মানবজমিন-এর রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি জোবায়ের হোসেন, দৈনিক সংবাদ-এর তাইমুন ইসলাম রায়হান ও দৈনিক নয়াদিগন্ত-এর মু. জাবির হোসেন। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ছয়জনকে আসামি করা হয়েছে। আদালত পটুয়াখালী গোয়েন্দা পুলিশকে (ডিবি) অভিযোগ তদন্ত করে ২৯ জুলাই আদালতে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।
আরজিতে উল্লেখ করা হয়েছে, আসামিরা ২৬ জুন বেলা ১১টার দিকে উপজেলার বোয়ালিয়া পানপট্টি খেয়াঘাট থেকে রাঙ্গাবালী উপজেলার কোড়ালিয়া খেয়াঘাটে চলাচলকারী এমএল আসিক ও এমএল হালিম-২ লঞ্চে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। একপর্যায়ে ছোরা ধরে খুনের ভয় দেখিয়ে তিন হাজার টাকা ছিনিয়ে নেন। এ ছাড়া আসামিরা দুই লাখ টাকা চাঁদা না দিলে খেয়া পারাপারে লঞ্চ চালাতে দেবেন না বলেও হুমকি দেন।
তবে জোবায়ের হোসেন, তাইমুন ইসলাম ও মু. জাবির হোসেন বলেন, দীর্ঘদিন ধরে নদী পারাপারে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। ২০ টাকার ভাড়া আদায় করা হচ্ছে ৫০ টাকা করে। এবার ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের কাছ থেকে কয়েক গুণ বেশি ভাড়া আদায় করা হয়। এ নিয়ে যাত্রীদের সঙ্গে বাগ্বিতণ্ডা ও তাদের লাঞ্ছিত করার ঘটনাও ঘটে। অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে বেশ কয়েকটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। এতে ক্ষিপ্ত হয়ে তাঁদের বিরুদ্ধে এই মিথ্যা মামলা দেওয়া হয়েছে।
পটুয়াখালী নদীবন্দরের উপপরিচালক আবদুর রাজ্জাক বলেন, আসলে বিআইডব্লিউটিএ খেয়ায় যাত্রী পারাপারের কোনো অনুমতি দেয় না। তবে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি তাঁরা শুনেছেন। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।