রাঙ্গাবালীতে ধসে পড়েছে নির্মাণাধীন সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার নেতা খালের উপর নির্মাণাধীন সেতু ভেঙে পড়েছে l প্রথম আলো
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার নেতা খালের উপর নির্মাণাধীন সেতু ভেঙে পড়েছে l প্রথম আলো

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার নেছারিয়া দাখিল মাদ্রাসা-সংলগ্ন নেতা খালের ওপর নির্মাণাধীন আরসিসি ঢালাই সেতু ধসে পড়েছে। গত শনিবার সকালে সেতুর ওপরের অংশের ঢালাইয়ের সময় সেটি ধসে পড়ে।
রাঙ্গাবালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্র জানায়, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় গ্রামীণ রাস্তাঘাট উন্নয়নে নেতা খালের ওপর স্বল্পদৈর্ঘ্যের এই সেতুর নির্মাণকাজ শুরু হয়। ৪০ ফুট দীর্ঘ ও ১৪ ফুট প্রস্থের এই সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩২ লাখ টাকা।
স্থানীয় এক ঠিকাদার এই সেতুর নির্মাণকাজ শুরু করেন। শনিবার সকালে এই সেতুর ওপরের অংশের ঢালাইয়ের কাজ চলছিল। সকাল ১০টার দিকে হঠাৎ ঢালাইসহ কালভার্টের ওপরের অংশ ধসে পড়ে।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, সেতুটি নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের ফলে এভাবে ধসে পড়েছে। এ ব্যাপারে ঠিকাদার সাইদুজ্জামান মামুন খান বলেন, নিম্নমানের কোনো নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়নি। বর্ষা মৌসুমে জোয়ারের পানির চাপে সেতুর নিচের সেন্টারিংয়ের বাঁশ সরে গিয়ে এ ঘটনা ঘটে।
রাঙ্গাবালীর পিআইও তপন কুমার সাহা বলেন, জোয়ারের পানি আটকানো যায়নি। ফলে পানির চাপে এ দুর্ঘটনা ঘটেছে। তবে ঠিকাদারকে নতুন করে এই অংশটি নির্মাণ করে দিতে হবে।