রাঙ্গাবালীতে বাঁধে ফাটল শঙ্কিত ১৯ গ্রামের মানুষ
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের ৫০-৫১ নম্বর পোল্ডারের মধুখালী-চরগঙ্গা ক্লোজারে (বাঁধ) ফাটল ধরেছে। এতে জোয়ারের পানি ভেতরে ঢুকতে শুরু করেছে। ক্লোজারটির প্রায় ৩০ মিটার জায়গায় ফাটল ধরেছে। আট দিন ধরে এ অবস্থা চলছে বলে স্থানীয়রা জানান। এলাকাবাসীর আশঙ্কা, যেকোনো সময় পুরো ক্লোজারটি ধসে যেতে পারে। আর এমনটি হলে বড়বাইশদিয়া ইউনিয়নের ১৯টি গ্রামের বিস্তীর্ণ এলাকার ৩০ হাজার মানুষ দুর্যোগের কবলে পড়বে। সমুদ্রের লোনা পানিতে প্লাবিত হবে পুরো এলাকার ফসলি জমি। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, কয়েক বছর আগে নির্মিত এ ক্লোজারটি ঘূর্ণিঝড় সিডরের আঘাতে নিশ্চিহ্ন হয়ে যায়। এরপর ২০১০ সালে বড়বাইশদিয়া ইউনিয়নে ৫০-৫১ নম্বর পোল্ডারে এক কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে মধুখালী-চরগঙ্গা ক্লোজারটি আবার নতুন করে নির্মাণ করা হয়। এলাকাবাসীর অভিযোগ, ক্লোজারটি নির্মাণকালে সমুদ্রের ঢেউ থেকে এটিকে রক্ষার জন্য বাঁধের বাইরের দিকে নামমাত্র বালুর বস্তা ফেলা হয়েছিল। গত দুই বছরে ঢেউয়ের আঘাতে সেগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে। সংস্কার না করায় এবং অরক্ষিত অবস্থায় পড়ে থাকার কারণে অমাবস্যা ও পূর্ণিমার জোয়ারে সাগরের ঢেউ আঘাত হানায় ক্রমেই ক্লোজারটিতে ফাটল ধরতে শুরু করে। বড়বাইশদিয়ার বাসিন্দা শাহ আলম জানান, জোয়ারের সময় সমুদ্রের ঢেউয়ের আঘাত ঠেকানোর জন্য ক্লোজারটির পাশে শিগগিরই সিসি ব্লক স্থাপন করা দরকার। এ ব্যাপারে কথা বলার জন্য পানি উন্নয়ন বোর্ড পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী সফি উদ্দিনের মুঠোফোনে কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।তবে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী জানান, ‘স্থানীয় উদ্যোগে ক্লোজারের পাশে বালুর বস্তা ও ইট ফেলে ফাটল রোধের চেষ্টা করা হচ্ছে। এ ছাড়া ইতিমধ্যে বিশ্বব্যাংকের পরিদর্শক দল ক্লোজারটি পরিদর্শন করে গেছে। আমরা এটি সংস্কারের জন্য অধিকতর গুরুত্বের সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করি, শিগগিরই সংস্কারের কাজ শুরু হবে।’