রাঙ্গাবালীতে শিশুকে কুপিয়ে হত্যা করলেন বাবা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মো. আতাহার আলী হাওলাদার নামে (৩৫) এক ব্যক্তি তার পাঁচ বছরের শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী গতকাল মঙ্গলবার আতাহারকে আটক করে পুলিশে দেয়। পুলিশ ও এলাকাবাসী সূত্রের বিবরণ অনুযায়ী, গতকাল বেলা একটার দিকে রাঙ্গাবালীর ছোটবাইশদিয়া ইউনিয়নের নলবুনিয়া গ্রামের আতাহার আলীর বসতঘরে আগুন জ্বলতে দেখে এলাকাবাসী ছুটে আসে। আগুন নেভাতে ঘরের ভেতরে ঢুকে আতাহারের পাঁচ বছর বয়সী ছেলে মো. নিয়াজের রক্তমাখা লাশ পড়ে থাকতে দেখে তারা। শিশুটির লাশের পাশে রক্তমাখা একটি দা পড়ে থাকতে দেখা যায়। পরে এলাকার লোকজন বাড়ির পাশের একটি জঙ্গল থেকে আতাহারকে আটক করে। এ সময় আতাহারের শরীরে রক্ত লেগেছিল। পুলিশ এসে নিয়াজের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় এবং আতাহারকে গ্রেপ্তার করে। ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আবুল কালাম রাঢ়ী জানান, দিনমজুর আতাহার আলীর চার ছেলে। এর মধ্যে নিয়াজ দ্বিতীয়। কয়েক মাস ধরে আতাহার আলী মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন বলে মনে হচ্ছিল। এলাকাবাসীর ধারণা, ছেলেকে কুপিয়ে হত্যার পর আতাহার ঘরে আগুন দিয়ে জঙ্গলে গিয়ে আশ্রয় নেন। নাসিমা জানান, মাস খানেক আগে একটি হত্যা মামলায় সাক্ষী দিয়ে ফেরার পর থেকে তাঁর স্বামী অসংলগ্ন অচরণ করছিলেন। দুই দিন আগে আতাহার শিল দিয়ে মাথায় আঘাত করে তাঁকে গুরুতর জখম করেন। এরপর তিনি ছেলেদের নিয়ে বাবার বাড়িতে চলে আসেন। কিন্তু মেজো ছেলেটি বাবার সঙ্গেই থেকে যায়। এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহে আলম জানান, আতাহারকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।