রাঙ্গাবালীর ক্ষতিগ্রস্ত কৃষকদের বিরুদ্ধে ঘেরমালিকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরবেষ্টিনে চিংড়িঘেরে লবণ পানি তুলে খেতের পাকা ধান নষ্ট করার প্রতিবাদকারী কৃষকদের বিরুদ্ধে মামলা করেছেন এক ঘেরমালিক।ওই এলাকার ঘেরমালিক বাহাউদ্দিন খলিফা বাদী হয়ে ২ জানুয়ারি পটুয়াখালী দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি করেন। মামলায় চরবেষ্টিনের কৃষক খোকন হাওলাদার, এমাদুল মাতব্বর ও লিটন মুন্সিসহ ১৫ জনের নাম উল্লেখ করে ২৫ জনকে আসামি করা হয়। আদালত ওই দিনই মামলাটি আমলে নিয়ে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।মামলার অভিযোগ বলা হয়, আসামিরা এক লাখ টাকা চাঁদা না পেয়ে গত ২৮ ডিসেম্বর সকালে দেশি অস্ত্র নিয়ে বাদীর বাড়িতে হামলা, তাঁকে মারধর ও ঘর ভাঙচুর করে। পরে তারা বাদীর মাছের ঘেরে হামলা করে ঘেরের স্লুইসগেটসহ বিভিন্ন স্থাপনা ভেঙে দেয়। রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহে আলাম জানান, ওই মামলাসংক্রান্ত আদালতের নির্দেশ গতকাল শনিবার পর্যন্ত থানায় পৌঁছায়নি।গত ২৭ ডিসেম্বর গভীর রাতে চরমোন্তাজ ইউনিয়নের চরবেষ্টিনের তিনটি চিংড়িঘেরের মালিক পক্ষ কাউকে কিছু না জানিয়ে ঘেরের স্লুইসগেট খুলে এলাকায় লবণপানি ওঠায়। এতে কৃষকদের অন্তত ২০০ একরের পাকা ধান নষ্ট হয়। ক্ষতিগ্রস্ত কৃষকেরা ২৮ ও ২৯ ডিসেম্বর তিনটি চিংড়িঘেরে হামলা করে ঘেরের স্লুইসগেটসহ বিভিন্ন স্থাপনা ভেঙে দেন।এ ঘটনায় ১ জানুয়ারি প্রথম আলোয় ‘ঘেরে পানি তোলায় ২০০ একরের পাকা ধান নষ্ট’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।