রাঙ্গাবালীর তিন ইউনিয়নে কাজই হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার তিনটি ইউনিয়নে ভূমিহীন ব্যক্তিদের তালিকা তৈরির কার্যক্রম এখনো শুরু হয়নি। বছরের প্রথম দিন থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ইউনিয়ন ভূমি কার্যালয় থেকে ফরম সংগ্রহ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করার সিদ্ধান্ত থাকলেও এই তিন ইউনিয়ন পিছিয়ে পড়েছে।

উপজেলা প্রশাসন কার্যালয় সূত্র জানায়, গত ২৬ ডিসেম্বরে রাঙ্গাবালী উপজেলা কৃষি খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির সভায় উপজেলার মোট পাঁচটি ইউনিয়নে প্রকৃত ভূমিহীন ব্যক্তিদের তালিকা তৈরির কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী উপজেলার চালিতাবুনিয়া ও বড় বাইশদিয়া ইউনিয়নের ভূমিহীন ব্যক্তিদের তালিকা তৈরির আবেদন ফরম বিতরণসহ কার্যক্রম শুরু হলেও রাঙ্গাবালী, চর মোন্তাজ ও ছোট বাইশদিয়া ইউনিয়নে গতকাল বুধবার পর্যন্ত কার্যক্রম শুরু হয়নি।

এ প্রসঙ্গে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) এ বি এম সাদিকুর রহমান বলেন, বিষয়টি শোনার পরই এ ব্যাপারে খোঁজ নেওয়া হয়েছে। প্রতিটি ইউনিয়ন ভূমি কার্যালয়ে আবেদন ফরম বিতরণের জন্য রাখা হয়েছে। তা ছাড়া ভূমিহীন ব্যক্তিরা কোথা থেকে আবেদন ফরম সংগ্রহ ও জমা দেবে, বিষয়টি আবেদনকারীদের জানানোর জন্য প্রতিনিধিরা ভূমিহীন ব্যক্তিদের সহযোগিতা করবেন এবং আজকে (বুধবার) থেকেই তিন ইউনিয়নে কার্যক্রম শুরু হবে।