রাঙ্গুনিয়ায় চার ইটভাটার কর্মকর্তাদের সাজা
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চারটি ইটভাটার চার কর্মকর্তাকে দুই মাস করে কারাদণ্ড ও একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দিনভর এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদত হোসেন। এ সময় পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কারাদণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন এমবি ব্রিকসের ব্যবস্থাপক মো. ইলিয়াস, এসবি ব্রিকসের কর্মকর্তা মো. সেলিম, এলআরবি ব্রিকসের আবদুল মান্নান এবং ডিএম ব্রিকসের মো. মাইনুদ্দিন। ডিএম ব্রিকসের মো. ইউনুস মিয়া নামের অপর একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসব ইটভাটা উপজেলার ইসলামপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদত হোসেন বলেন, এসব ইটভাটা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চলছিল।