রাঙ্গুনিয়ায় দুর্ঘটনায় অটোরিকশার চালক নিহত
চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার ইছাখালী এলাকায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কে এক দুর্ঘটনায় আবদুল করিম (৩০) নামের অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। আজ শনিবার দুপুর দুইটায় কাপ্তাই সড়কে এই দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা জানান, দুপুর দুইটার দিকে ইছাখালী এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক আবদুল করিম ঘটনাস্থলেই মারা যান। আহত হন মোটরসাইকেলের চালকসহ তিনজন। তাঁদের রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সক আবুল কাশেম জানান, মোটরসাইকেলের চালক ইকবাল হোসেনের (২৮) অবস্থা আশঙ্কাজনক। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হোসনে আরা (৩৪) ও মো. রফিক (৫২) নামের দুজন উপজেলা হাসপাতালে চিকিত্সাধীন।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর মোর্শেদ প্রথম আলো ডটকমকে বলেন, আবদুল করিম রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের নটুয়ারঠিলা গ্রামের ফজল করিমের ছেলে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।